আলোচনার প্রস্তাব দিয়ে ফেসবুককে সরকারের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সরকারের পক্ষে চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ফেসবুক ব্যবহার করে নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানির মতো বিষয়গুলো বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকাতে তাদের সঙ্গে আমরা চুক্তি করতে চাই। এ জন্য ফেসবুকের এশিয়া-প্যাসিফিক কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে আজ (সোমবার) চিঠি পাঠানো হয়েছে।’
গত ১৭ নভেম্বর প্রথম ফেসবুকের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এর এক দিন পর অর্থাৎ ১৮ নভেম্বর থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। এখন পর্যন্ত এগুলো খুলে দেওয়া হয়নি। তারানা হালিম বলেন, ফেসবুককে বুঝতে হবে বাংলাদেশে তাদের বিশাল বাজার রয়েছে। বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ফেসবুকের কাছে যেসব অভিযোগ পাঠায়, চুক্তি না থাকায় সেগুলো আমলে নেওয়া হয় না।
অবশ্য চুক্তির এ প্রস্তাবের সঙ্গে বর্তমানে এসব যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার বিষয়ের কোনো সম্পর্ক নেই বলে জানান তারানা হালিম। ফেসবুকের জবাবের ভিত্তিতে এ বিষয়ে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪৬ লাখ। আর এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ। গত ১২ নভেম্বর ফেসবুকের পক্ষ থেকে প্রকাশিত ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’-এ বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে ফেসবুকের কাছে তিনটি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চায় বাংলাদেশ সরকার। আর ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ফেসবুকের কাছে ১৭টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো অনুরোধে সাড়া দেয়নি ফেসবুক।