আলোচনায় আসবে ব্যবসা, সন্ত্রাসবিরোধী জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানুয়ারির প্রথম সপ্তাহে রিয়াদে যাচ্ছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি বাড়ানো নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের সন্ত্রাসবিরোধী সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গটি আসবে। বাংলাদেশ বলছে, তারা সন্ত্রাসবাদ দমনের জন্য রিয়াদের একটি কেন্দ্রে যোগ দিতে রাজি হয়েছে। তবে সৌদি আরব একে সন্ত্রাসবিরোধী সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, পররাষ্ট্রমন্ত্রীর জানুয়ারির প্রথম সপ্তাহে রিয়াদে যাওয়ার কথা রয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শ্রমিকদের উন্নত কর্মপরিবেশসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
সৌদি আরবের সন্ত্রাসবিরোধী উদ্যোগ নিয়ে এ সফরে আলোচনা হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ ইতিমধ্যে রিয়াদের কেন্দ্রে যোগ দিতে রাজি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতেই পারে।
রিয়াদের কূটনৈতিক সূত্র বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ৩৪ দেশের সামরিক জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশ যেমন স্পষ্ট করেই বলছে, কোনো সামরিক জোট নয়, একটি কেন্দ্রের মাধ্যমে সমন্বিত উপায়ে সন্ত্রাস দমনের সঙ্গে যুক্ত হবে। আর শুরুতে পাকিস্তান, ইয়েমেনসহ বেশ কয়েকটি দেশ জোটে নিজেদের অন্তর্ভুক্তি নাকচ করে দিয়েছিল। এ জোট কখন, কীভাবে, কী কাজ করবে, তা এখনো স্পষ্ট নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে সমর্থন এবং সর্বশেষ সন্ত্রাসবিরোধী উদ্যোগে সমর্থনের ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি উষ্ণ। এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা-বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি বাড়ানোর ওপর জোর দিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক নিবিড় করতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম আজ মঙ্গলবার রিয়াদে যাচ্ছেন। এ নিয়ে গত তিন মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী রিয়াদ সফর করছেন। এ ছাড়া আগামী মাসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও সৌদি আরব যাবেন।
গত দুই মাসে সৌদি আরবের অন্তত ১০টি ব্যবসায়ী প্রতিনিধিদল রিয়াদে বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেছে। এ সময় সৌদি ব্যবসায়ীরা তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশের কালিয়াকৈরে হাইটেক পার্ক এবং দেশের বিভিন্ন স্থানে প্রস্তাবিত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের আগ্রহ রয়েছে।