আলোচনায় ঐতিহ্য, সুতা ও বিপণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুতার সূক্ষ্মতার একককে বলা হয় কাউন্ট। যে সুতার কাউন্ট যত বেশি, সেটি তত বেশি সূক্ষ্ম। প্রায় ২০০ বছর আগে হারিয়ে যাওয়া মসলিন সুতার কাউন্ট ছিল ৬০০ বা তারও বেশি। ৫০ বছর আগেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের আবুল কাশেম ১০০ কাউন্টের সুতা বাজারে কিনতে পেতেন। আর এখন ভালো সুতা, ভালো রং কোনোটাই পান না।
দৃক, আড়ং ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে মসলিন উৎসবের তৃতীয় দিনে গতকাল জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সারা দিন হয়েছিল সেমিনার ‘বাংলাদেশে মসলিন বস্ত্রের পুনরুজ্জীবন’। আয়োজকদের দাবি, জামদানি মসলিনের অনেকগুলো প্রকারভেদের একটি। সেমিনারে জামদানিশিল্পী আবুল কাশেম দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞদের সামনে বলছিলেন তাঁতশিল্পীদের বাস্তব সমস্যার কথা।
আবুল কাশেম বলছিলেন, মসলিন ও জামদানি বোনা হতো হাতে চালানো তাঁতে। এখন বিদ্যুৎচালিত তাঁত প্রচুর পরিমাণে বাড়ছে, হাতের তাঁত কমছে। তাই কারিগরও তেমন আর নেই। যাঁরা আছেন, তাঁরাও পয়সাকড়ি তেমন পান না। ডিজাইনের ব্যাপারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনও তাঁদের তেমন সাহায্য করতে পারছে না।
সেমিনার চলেছে চারটি অধিবেশনে। প্রথমটি ছিল মসলিনের পুনরুজ্জীবনে নীতি ও প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে। এতে অংশ নেন শিল্পসচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত সচিব জামাল আবদুল নাসের চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের সিনিয়র কিউরেটর রোজমেরি ক্রিল এবং মানবাধিকারকর্মী হামিদা হোসেন।
দ্বিতীয় অধিবেশনে মসলিনের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে কথা বলেন লন্ডনের মসলিন ট্রাস্টের গবেষক সোনিয়া অ্যাশমোর। আরও ছিলেন ভারতের বস্ত্রবিশেষজ্ঞ রুবি পাল চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক শরিফুদ্দিন আহমেদ ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
মসলিন তৈরিতে তুলা উৎপাদন, সুতা তৈরি ও কাপড় বোনার চ্যালেঞ্জ নিয়ে ছিল তৃতীয় অধিবেশন। এখানে অংশ নেন এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. ফরিদ উদ্দিন, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর দে, টাঙ্গাইল শাড়ি কুটিরের সিইও মনিরা ইমদাদ ও জামদানিশিল্পী আবুল কাশেম।
নতুন করে উৎপাদিত মসলিনের বিপণনব্যবস্থা কী হবে তা নিয়ে আলোচনা হয় চতুর্থ অধিবেশনে। এতে অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভারতের উইভার্স স্টুডিওর দর্শন শাহ, আড়ংয়ের বিপণন প্রধান তানভীর হোসেন ও জাতীয় কারুশিল্প পরিষদের সহসভাপতি রুবি গজনবী।
মসলিন উৎসব উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত হয়েছে ‘মসলিন পুনরুজ্জীবন’ প্রদর্শনী। চলবে ৩ মার্চ পর্যন্ত।