
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফরে আজ বুধবার রাতে ঢাকায় আসছেন। বিজেপির নেতা নরেন্দ্র মোদি গত ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটিই ভারতের পক্ষ থেকে বাংলাদেশে উচ্চ রাজনৈতিক পর্যায়ে প্রথম যোগাযোগ।
দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, সুষমার সফরে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অগ্রাধিকারের বিষয়টির প্রতিফলন ঘটবে৷ নিকট প্রতিবেশী বাংলাদেশকে জানার-জানানোর বিষয়টিই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের মুখ্য বিষয় হবে। নিরাপত্তাগত বিবেচনায় বাংলাদেশিদের কথিত ‘অনুপ্রবেশ’ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরার কথা রয়েছে সুষমা স্বরাজের।
অন্যদিকে ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, সুষমার সফরে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর প্রত্যাশা করে বাংলাদেশ। তাই তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মতো অমীমাংসিত বিষয়গুলো সুষমা স্বরাজের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা হয়নি। এবার বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায় এ বিষয়গুলোর নিষ্পত্তির প্রত্যাশা করছে বাংলাদেশ৷
সুষমার সফরের প্রেক্ষাপটে বাংলাদেশের ১৮ বছরের নিচে ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ভিসা শিথিল করার প্রস্তাব দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ‘নিরাপত্তা ঝুঁকির’ যুক্তিতে প্রস্তাবটি গত সোমবার বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি চিঠি নিয়ে আসবেন সুষমা স্বরাজ। চিঠিতে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাবেন নরেন্দ্র মোদি।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, সুষমা স্বরাজের সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে অভিহিত করায় এতে গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিশেষ করে সাম্প্রতিক কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছে। সূত্রগুলো বলছে, এ সম্পর্কে ছন্দপতন হবে কি না, তা নিয়ে একধরনের দোলাচল বাংলাদেশে রয়েছে। তাই দিল্লির পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করে বলা হবে, সম্পর্কটা ভবিষ্যতে আরও এগিয়ে নিতেই আগ্রহী বিজেপি সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরের সময় সুষমার সফরসঙ্গীদের মধ্যে থাকবেন পররাষ্ট্রসচিব সুজাতা সিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন, বিএম বিভাগের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন ছাড়াও মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।
সফরসূচি: পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার রাত সাড়ে ১০টায় একটি বিশেষ ফ্লাইটে সুষমা স্বরাজের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার তিনি ব্যস্ত দিন কাটাবেন। দিনের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সুষমা এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর সন্ধ্যায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন। শুক্রবার ঢাকায় প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ সভা করবেন। ওই দিন বেলা সাড়ে ১১টায় ঢাকা ছাড়ার আগে সুষমা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিএনপির সঙ্গে বৈঠক: আগামীকাল সরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠকের পর মাঝখানে ঘণ্টা চারেক সময় ফাঁকা আছে সুষমা স্বরাজের। এই সময়ের মধ্যে একাধিক কর্মসূচি হতে পারে বলে আভাস দিয়েছেন সরকারি কর্মকর্তারা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠক হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ভারতের হাইকমিশনের কর্মকর্তারা।
এদিকে গত রাতে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, সুষমা স্বরাজের সঙ্গে আগামী শুক্রবার খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ হবে৷ তবে সাক্ষাৎ কোথায় ও কখন হবে তা আজ বিএনপি জানাবে৷