
সকাল থেকেই বৃষ্টি। জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকাির উচ্চবিদ্যালয় মাঠে পায়ের গোড়ালি পর্যন্ত ডোবা পানিতে ছাতা মাথায় দাঁড়িয়ে অপেক্ষমাণ রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল রোববার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুখ থেকে আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা শোনার অপেক্ষায় প্রকৃতির বৈরিতাকে উপেক্ষা করে মাঠে আসতে শুরু করেন তাঁরা বেলা ১১টা থেকে। বিকেল চারটায় মুষলধারে বৃষ্টির মধ্যে খালেদা জিয়া তাঁর ভাষণে বলেন, ‘এই সরকার জবরদখলকারী, অবৈধ সরকার। আসন্ন ঈদের পর এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।’ খালেদা জিয়া এ সময় বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনায় না বসলে ঈদের পর হরতাল, অবরোধসহ সব হবে।’
বেলা সাড়ে তিনটায় প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট শহরে আসেন খালেদা জিয়া৷ জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোজাহার আলী প্রধান। সভা শুরু হয়েছিল বেলা দুইটায় স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাদের বক্তৃতা দিয়ে।
খালেদা জিয়া ঠিক এক ঘণ্টা বক্তব্য দিয়েছেন। বৃষ্টি মাথায় নিয়ে মাঠে দাঁড়িয়ে দলের নেতা-কর্মী ও জেলার সাধারণ মানুষ তাঁর বক্তব্য শুনেছেন। তাঁদের অভিনন্দন জানিয়েই বক্তব্য শুরু করে তিনি বলেন, ‘দেশে আজ কোনো বৈধ সরকার নেই। ৫ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশ মানুষ অংশ নিয়েছে। বাকি ৯৫ ভাগ মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে যাননি। তাই আওয়ামী লীগ নিজেদের জনপ্রতিনিধি দাবি করলেও প্রকৃতপক্ষে জনপ্রতিনিধি নয়। কাজেই সংসদ বাতিল হয়নি। আমরাই এখনো জনপ্রতিনিধি। আমি সরকারেরও প্রতিনিধি নই, বিরোধী দলেরও নই। আপনারা আমাদের কথা শুনেছেন তাই আমি আপনাদের প্রতিনিধি।’
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ এখন আমাদের এই সরকারকে বৈধতা দিতে বলছে। এর মধ্যে দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছে তারা অবৈধ।’ তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। বাম-ডান, ছোট-বড় সব রাজনৈতিক দলকে নিয়ে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। এবং জনগণকে নিয়েই এই অবৈধ, খুনি, লুটেরা সরকারকে বিদায় করা হবে।
খালেদা জিয়া বলেন, এই সরকার পদ্মা সেতু, কুইক রেন্টাল, শেয়ারবাজারসহ, রানা প্লাজার সাহায্যের জন্য আসা যে টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে জমা করেছে, তা নিরপেক্ষ তদন্ত করে লুটেরাদের বিচার করতে হবে। টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। দুদকের সমালোচনা করে বলেন, দুদক একচোখা কাজ করছে। কেবল বিএনপিকে হয়রানি করে। আওয়ামী লীগের দুর্নীতিবাজদের ধরে না।
র্যাব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা র্যাব গঠন করেছিলাম। তখন তারা ভালো কাজ করেছে, বড় বড় জঙ্গিদের ধরেছে। দমন করেছে। এখন র্যাবকে রাজনীতির উদ্দেশ্যে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। র্যাবকে আওয়ামী লীগ রক্ষী বাহিনী হিসেবে ব্যবহার করছে। বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে খুন করানো হচ্ছে। নারায়ণগঞ্জের ঘটনা, ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করার ঘটনা তার প্রমাণ। তিনি র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে নতুন করে নতুন সংগঠন সৃষ্টি করা হবে।
গডফাদার প্রসঙ্গে তিনি বলেন এই সরকার ভালো মানুষদের সম্মান দিতে জানে না। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়ে জাতিকে গর্বিত করছেন। অথচ এই সরকার তাঁকে পদে পদে অপমান ও অসম্মান করেছে, আর প্রশংসা করেছে ওসমান, হাজারী, তাহেরদের মতো চিহ্নিত গডফাদারদের। মানুষ এই সরকারের কাছে নিরাপদ নয়।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল। বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল। শহীদ জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের কর্মীদের ঢাকায় শাপলা চত্বরে রাতে গুলি করে হত্যা করা হয়েছে। হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে৷ খ্রিষ্টানবদের গির্জায় হামলা করেছে। রামুতে বৌদ্ধদের উপাসনালয়ে হামলা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের ওপর হামলা হতে থাকে। আমরা তাদের সংখ্যালঘু বলি না। আমারা সবাইকে বলি বাংলাদেশি। এসব বাংলাদেশিকে নিয়েই ঈদের পরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই অবৈধ লুটেরা সরকারকে হটাতে হবে।’
এ সময় মাঠ থেকে ‘হরতাল’ ‘হরতাল’ রব উঠলেও খালেদা জিয়া বলেন, ‘সব হবে। আমাদের সঙ্গে আলোচনায় না বসলে ঈদের পর হরতাল, অবরোধসহ সব হবে।’ এর আগে সভায় বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব িমর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। তারেক রহমানসহ দলের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রপতি জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে বলেছেন দেশের লোক ৫ জানুয়ারির নির্বাচন মেনে নিয়েছেন। এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষতা হারিয়েছেন।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকার, িমর্জা আব্বাস, আবদুল মঈন খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, মিজানুর রহমান মিনু, আসাদুল হাবিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।