আলোচিত বই 'অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি একুশে বইমেলায় দিনে দিনে গবেষণাধর্মী, রাজনৈতিক প্রবন্ধের বইগুলোর চাহিদা বাড়ছে। গতকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমা প্রকাশনের স্টলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা গেল, নানা বয়সের পাঠক খুঁজছেন এ ধরনের বইগুলো। পাঠকের চাহিদার শীর্ষে থাকা এসব বইয়ের মধ্যে অন্যতম বিশিষ্ট লেখক আকবর আলি খানের লেখা অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি বইটি।

প্রথমা প্রকাশনের একজন প্রতিনিধি বলেন, অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি বইটিতে আকবর আলি খান এ দেশের রাজনীতির বাঁকে বাঁকে যে বৈপরীত্য ও আপাতবিরোধী সত্য লুকিয়ে রয়েছে, তা উন্মোচন করেছেন, সন্ধান করেছেন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ। বইটি পাঠককে ভাবাবে, আলোড়িত করবে, সেই সঙ্গে আলোরও সন্ধান দেবে।

প্রথমার স্টলের সামনে মিরপুর থেকে আসা মোস্তফা জামান বললেন, মেলার প্রথম দিকেই বইটি কিনেছেন তিনি। বললেন, বইটি ভালো লাগার মূল কারণ, এর লেখনী। গবেষণাগ্রন্থ হলেও এটি লেখা হয়েছে অনেকটা রম্যরচনার ঢঙে। এর আগে একই লেখকের আজব ও জবর-আজব অর্থনীতি (১১তম সংস্করণ) ও চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের ‘বনলতা সেন’ (৪র্থ সংস্করণ) বই দুটি প্রকাশ করেছে প্রথমা। এই দুটি বইয়ের এখনো চাহিদা আছে বলে জানালেন প্রথমার প্রতিনিধি।

প্রথমা প্রকাশন থেকে মেলায় আসা নতুন বইয়ের তালিকায় যোগ হয়েছে মুহাম্মদ লুৎফুল হক সম্পাদিত বরিশাল ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান। বইটিতে রয়েছে বরিশাল অঞ্চলে মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতার কথা, তাঁদের সাহস, আত্মত্যাগ ও বীরত্বের কথা এবং সাধারণ নরনারীর ওপর নির্যাতন-নিপীড়নের কথা। এ প্রতিষ্ঠান থেকে এসেছে আখতার হুসেন সম্পাদিত নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প।