আলোচিত সিফাত হত্যা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার। আলোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন তাঁর স্বজন ও সহপাঠীরা।
যুক্তিতর্ক শুনানি শেষে ১২ ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ।
মামলার বাদী ও সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের মেয়েকে হারিয়েছি। তাঁকে আর ফিরে পাব না। তবে তাঁকে হত্যার ন্যায়বিচার আমরা দেখতে চাই। আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। আশা করি, আমাদের মেয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত।’
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে সিফাতের মৃত্যু হয়। তাঁর একটি ছেলে আছে। ঘটনার চার দিন পর সিফাতের চাচা মিজানুর রহমান রাজপাড়া থানায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে মামলা করেন। মামলায় সিফাতের স্বামী মো. আসিফ, শ্বশুর মো. হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলীকে আসামি করা হয়।