আলোচিত হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় আলোচিত আখতার আলী হত্যা মামলায় পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁদের আরও দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৬ বছর পর আলোচিত এ হত্যা মামলার রায় দেওয়া হলো।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, তাহমিনা, দুলাল, হায়দার, চান মিয়া ও রায়হান। এঁদের মধ্যে প্রথম তিনজনই পলাতক। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা সবাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের আবদুল মান্নাফের সন্তান। ভাড়াটিয়া হিসেবে তাঁরা এ হত্যাকাণ্ডে অংশ নেন বলে রায়ে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের আখতার আলীকে তাঁর নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে দায়ের করা মামলায় পরের বছর ১২ এপ্রিল ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারকাজে আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।