আলোর পথ দেখায় বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দেশে বিজ্ঞানচর্চার বিকল্প নেই। মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় বিজ্ঞান। গতকাল শুক্রবার সপ্তম ডিবিবিএল বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে গতকাল সকালে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিদ্যা (থিওরিটিক্যাল ফিজিকস) বিভাগের চেয়ারম্যান আরশাদ মোমেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ। চট্টগ্রামে সপ্তমবারের মতো এ প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করেছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।
তিন পর্বে গতকাল এই উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকালে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশের দুটি ক্যাম্পাসে লিখিত প্রতিযোগিতা হয়। এরপর সাড়ে ১০টার দিকে প্রেসিডেন্সি স্কুলের মূল ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। দ্বিতীয় পর্বে সকাল সোয়া ১১টায় শাহ আলম বীর উত্তম মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিষয়ে বক্তব্য দেন অধ্যাপক আরশাদ মোমেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শেষ পর্বে বিকেলে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ ৭০ শিক্ষার্থী আগামী ২০ ও ২১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে। জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের বিজয়ীরা আগামী বছরের জুলাইয়ে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে।