আলোর মিছিলে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১২ শিক্ষার্থী। অনুষ্ঠানের এক ফাঁকে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ফাহিমা আজিজ (পেছনের সারিতে ডান থেকে পঞ্চম) ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসানের (পেছনের সারিতে ডান থেকে চতুর্থ) সঙ্গে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
গতকাল অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১২ শিক্ষার্থী। অনুষ্ঠানের এক ফাঁকে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ফাহিমা আজিজ (পেছনের সারিতে ডান থেকে পঞ্চম) ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসানের (পেছনের সারিতে ডান থেকে চতুর্থ) সঙ্গে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

সাবলীলভাবে নিজ নিজ স্বপ্নের কথা তুলে ধরছিলেন তাঁরা। নিজেকে কোথায় নিয়ে যেতে চান, সমাজের জন্য কী করতে চান, সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের নিয়ে নিজেদের ভাবনাগুলো পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরছিলেন তাঁরা।
এই ‘তাঁরা’ হলেন, চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক মানের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১২ জন শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা তাঁদের পরিবারের প্রথম নারীসদস্য, যাঁরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ছেন। প্রথম আলো ট্রাস্টের সহায়তায় তাঁদের এই সংগ্রামে সহায়তা দিচ্ছে ট্রান্সকম গ্রুপ।
গতকাল শনিবার ঢাকায় অদম্যমেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন এই ১২ শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে তাঁদের সপ্রতিভ উচ্চারণে ভাবনাগুলো যেন প্রাণ পাচ্ছিল।
গত তিন বছরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বৃত্তি উদ্যোগের আওতায় ৩০ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে সহায়তা দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। এই উদ্যোগের আওতায় প্রতিবছর ১০ জন শিক্ষার্থীকে সহায়তা দিচ্ছে ট্রান্সকম গ্রুপ। বিশ্ববিদ্যালয়ে এসব শিক্ষার্থী ‘প্রথম আলো স্কলার’ নামে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাহিমা আজিজ মনে করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি এই শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। তাঁদের চিন্তা, মনমানসিকতা এবং ভাবনায় দায়িত্বশীল হওয়ার বীজ বুনে দিয়েছে। তাই স্বতঃস্ফূর্তভাবে তাঁরা দেশ, সমাজ এবং নিজেদের জনগোষ্ঠী নিয়ে ভাবছেন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার উসাইমা মারমা অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছেন। উসাইমা বলেন, নিম্নবিত্ত পরিবারের পক্ষে তাঁকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য ছিল না। প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তাঁকে স্বপ্নপূরণের কাছাকাছি নিয়ে এসেছে। উসাইমা এখন ভাবেন তাঁর এলাকার জনগোষ্ঠীর কথা।
সচ্ছল পরিবারের সন্তান হয়েও দুই বছর আগে বাবা মারা যাওয়ায় ভোলার চরফ্যাশনের ফারিহা তাসনীমের পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয় ফারিহার। কিন্তু প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তাঁর স্বপ্নকে আবারও নাড়া দেয়। ফারিহা এখন স্বপ্ন দেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের।
সিনথিয়া খন্দকারের স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার। উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর সেলাই কারিগর বাবা তাঁকে জানিয়ে দেন, তাঁর পক্ষে আর খরচ চালানো সম্ভব নয়। আর্থিক সংকটে তাঁর পড়াশোনা বন্ধের উপক্রম হলেও তাঁকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে প্রথম আলো ট্রাস্ট। তাই সিনথিয়া তাঁর নিজের ও পরিবারের অবস্থার পরিবর্তনের পাশাপাশি নারীর ক্ষমতায়নে কাজ করতে চান।
সাদিয়া ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার শেকেরহাটে। তিনি বলেন, সেখানকার সামাজিক অবস্থা এমন ছিল যে সচ্ছল পরিবারগুলোও এসএসসির পর মেয়েদের পড়াশোনা করাতে চাইত না। সামাজিক প্রতিকূলতা আর নিজেদের আর্থিক দৈন্যের সঙ্গে লড়াই করে নিম্নবিত্ত পরিবারের এই শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আত্মবিশ্বাসে ভরপুর সাদিয়া সমাজের জন্য নিজেকে নিবেদিত করতে চান।
এসব আত্মবিশ্বাসী শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ফাহিমা আজিজ বলেন, ১৬টি দেশের ৫০০ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বহুজাতিক এ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব, জীবনবোধ, দায়িত্বশীলতা তৈরির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। তাঁদের আত্মবিশ্বাসী করে তোলা এবং বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় কাজ করছে। সমাজের জন্য কিছু করার মানসিকতা তৈরির চেষ্টাও রয়েছে শিক্ষাব্যবস্থায়।