আলোর মুখ দেখে না উচ্ছেদের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বর্ষার আগে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত হয়। এ-সংক্রান্ত নতুন নতুন কমিটিও গঠন করা হয়। আসে বেশ কিছু নতুন সিদ্ধান্ত৷ কিন্তু নিরবচ্ছিন্ন উদ্যোগের অভাবে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ হয় না।

শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির দ্বাদশ সভায় গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আরেকটি কমিটি করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকা ও বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদের সিদ্ধান্ত নেবে। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির প্রধান হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) এস এম আবদুল কাদের।
এর আগে গত বছর একাদশ সভায় ঝুঁকিপূর্ণ পাহাড় নির্ধারণে অপর একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই সভায়ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা আলোর মুখ দেখেনি। তবে একই বছর তাঁবু খাটিয়ে ২০১টি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘হাজার হাজার পরিবার পাহাড়ের ঝুঁকিতে বাস করছে। তাদের অস্থায়ী পুনর্বাসন করতে সক্ষম নই। এবার আমরা অস্থায়ী পুনর্বাসন না করে বাসিন্দাদের সরিয়ে দিতে চেষ্টা করব।’
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘চট্টগ্রাম নগর ও নগরের বাইরে ৩৩টি পাহাড়ে অন্তত ২০ লাখ লোক বসবাস করে। উচ্ছেদ করতে গেলে অনেকে পেছন থেকে শেল্টার হিসেবে দাঁড়িয়ে যায়।’
জানা গেছে, এর আগে ২০১২ সালের ২ জুলাই পাহাড় ব্যবস্থাপনা কমিটির দশম সভায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ এক সপ্তাহের মধ্যে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি ছিল কম। ওই বছর ২৬ জুন চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ও দেয়ালধসে ২৮ জন নিহত হন।
গত বছর ৬ জুন পাহাড় ব্যবস্থাপনা কমিটির একাদশ সভায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে নতুন করে কথা উঠেছে। বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ নিয়ে প্রশ্ন ওঠে। ফলে আবার নতুন করে তা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত দেওয়া হয়। সেটাও আলোর মুখ দেখেনি। নগরের ১৩টি পাহাড়ে প্রায় এক হাজার পরিবার বসবাস করে। ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড়ধসে ১২৭ জন মারা গিয়েিছল। এর পর থেকে পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ওই ঘটনার তদন্ত প্রতিবেদনেও পাহাড় ধস রোধে এবং ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে ৩৬ দফা সুপারিশ ছিল। কিন্তু তাও আলো দেখেনি।