
টাঙ্গাইলের মধুপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা চলেশ রিছিলের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। মৃত্যুর নয় বছর পরও তাঁর স্ত্রীর দেওয়া অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে চলেশ রিছিলের মৃত্যু হয়। এ ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনও আলোর মুখ দেখেনি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা বলেন, ২০০৭ সালের ১৮ মার্চ ময়মনসিংহ থেকে মাইক্রোবাসযোগে মধুপুরের দিকে আসছিলেন চলেশ রিছিল। তাঁর সঙ্গী প্রতাব জাম্বিল বলেন, মুক্তাগাছা উপজেলার কালীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি থেকে চলেশ, প্রতাব, তুহিন ও পীরেনকে ধরে মধুপুরের কাকরাইদে বিএডিসির খামার সেনাক্যাম্পে নিয়ে যায়। সেখানে দিনব্যাপী অত্যাচারের পর সন্ধ্যার দিকে চলেশ রিছিলের মৃত্যু হয়।
চলেশ রিছিলের স্ত্রী সন্ধ্যারানী সিমসাং বলেন, মধুপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেনের মাধ্যমে জানানো হয়, চলেশকে গ্রেপ্তার করতে গেলে দৌড়ে পালানোর সময় তিনি হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে আনার পর তাঁর মৃত্যু হয়। ওই রাতেই মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুজ্জামান মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। ময়নাতদন্ত শেষে পরদিন চলেশের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ মার্চ তাঁকে সমাহিত করার পর তাঁর প্রথম স্ত্রী সন্ধ্যারানী সিমসাং আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের কর্মকর্তাদের নাম উল্লেখ করে মধুপুর থানায় একটি মামলা করতে যান। পুলিশ অভিযোগ নিলেও সেটি মামলা হিসেবে গ্রহণ করেনি।
ওই সময় বিষয়টি তদন্তের জন্য অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ রফিক উদ্দিনের নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় কমিটি গঠন করে সরকার। কমিটি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে। কিন্তু আজও সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই তিনটি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) যৌথ অনুসন্ধান করে। অনুসন্ধানের বিষয়ে সে সময় সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছিল, চলেশ রিছিলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিল। দুই হাতের হাড় ও সব আঙুল ভাঙা ছিল।
গত মঙ্গলবার বিকেলে মধুপুর থানায় যোগাযোগ করা হলে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মণ্ডল বলেন, এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তাঁদের কাছে নেই।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ বলেন, চলেশকে নির্যাতন করে মেরে ফেলা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন খুনিদের নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়েছে। রহস্যজনক কারণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনও প্রকাশ করা হয়নি। চলেশ রিছিলের স্ত্রী সন্ধ্যারানী সিমসাং বলেন, ‘যারা আমার স্বামীকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে তাদের বিচার চাই।’