আলোয় স্মরণ কালরাতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ২৫ মার্চের সেই রাতে রাজধানীতে নেমে এসেছিল ঘুটঘুটে অন্ধকার। নিরস্ত্র বাঙালির ওপর নেমে এসেছিল গুলি, হত্যা আর ধর্ষণের বিভীষিকা। ৪৫ বছর পর স্বাধীন দেশে সেই রাতকে স্মরণ করা হলো আলোয় আলোয়। মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদের আলোর দিশা তুলে দিল নতুন প্রজন্মের হাতে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানাল নতুন প্রজন্ম।
গতকাল শুক্রবার রাত পৌনে ১২টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এমনি এক আয়োজনে জড়ো হয়েছিলেন সবাই। শোককে শক্তিতে পরিণত করতে কালরাতকে আলোকিত করে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল গ্রামীণফোন। আর মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।
আলোর পথে ওই যাত্রায় অংশ নিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘২৫ মার্চ কালরাতের পর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল। আমাদের আগামী প্রজন্মের দায়িত্ব হবে এই স্বাধীন দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা।’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম বললেন, বঙ্গবন্ধুর ডাকে ’৭১ সালে এই দেশে ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছিল। স্বাধীনতার কবিতাটি লেখার জন্য তাঁরা নিজেরা কবরের অন্ধকারে গিয়ে এই দেশকে আলোকিত করে গেছেন। তাঁদের স্বপ্নের দেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, এখনো দেশের কিছু মানুষ স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রও থেমে নেই। নতুন প্রজন্মকে সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব আলী যাকের ২৫ মার্চের কালরাতে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। সেই কালরাতের ওপরে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে। এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গেয়ে শোনান সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, কোনাল ও এলিটা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠী, কবি আসাদ চৌধুরী এবং শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।