আলেয়া হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ
রাজধানীর মিরপুর ১ নম্বরে গৃহবধূ আলেয়া বেগম হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। পুলিশ জানিয়েছে, রহস্যজনক এ ঘটনা উদ্ঘাটনে পুলিশ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছে।শাহ আলী থানা সূত্র জানায়, গত শনিবার রাতে নিহত আলেয়ার ভগ্নিপতি নজরুল ইসলাম অজ্ঞাতনামা তিন সন্ত্রাসীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।থানার অপারেশন কর্মকর্তা নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অলংকারসহ ছয় লাখ ৩০ হাজার টাকার মালামাল লুট হওয়ার কারণে দস্যুতার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তবে মনে হচ্ছে, প্রকৃত ঘটনা আড়াল করতে দস্যুতার নাটক সাজিয়েছে খুনিরা। ডাকাতি বা দস্যুতার ঘটনা ঘটলে আলেয়া খুন বা বাড়ির দলিলপত্রও লুট হতো না। পূর্বপরিচিত ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিল করতে এ ঘটনা ঘটিয়েছে।পুলিশের মিরপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লা জানান, এটি ডাকাতির ঘটনা নয়, এ ধরনের ঘটনা হলে দরজা ভাঙার চিহ্ন পাওয়া যায়। যে তিন যুবক ফ্ল্যাটে ঢুকেছিল, তারা আলেয়ার পূর্বপরিচিত। মামলার তদন্ত কর্মকর্তা সোলায়মান চৌধুরী জানান, নিহত আলেয়ার একমাত্র মেয়ে তাহমিনা আক্তার বন্যাসহ অন্যদের সঙ্গে হত্যাকাণ্ডের বিষয়ে এখন কথা বলতে পারেননি।পুলিশ জানায়, আলেয়া যে বাড়িতে থাকতেন, ওই বাড়িতে দারোয়ান না থাকলেও সব সময় তালা লাগানো থাকে। ফ্ল্যাটের বাসিন্দারা ঢোকা ও বের হওয়ার ক্ষেত্রে তালাচাবি ব্যবহার করতেন। বাড়ির কারও সহযোগিতা ছাড়া অপরিচিত বা বহিরাগত কেউই ঢুকতে পারবে না।