আলেয়াকে বাঁচানো গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁচানো গেল না অগ্নিদগ্ধ আলেয়া খাতুনকে (১৮)। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাতে তিনি মারা গেছেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার রাতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন অভিযোগ স্বীকার করেছে।বুধবার রাতেই রাজধানীর মিরপুর থেকে আলেয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যার পর থেকে আলেয়ার অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত আটটার দিকে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রের (ভেন্টিলেটর) সাহায্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।বুধবার রাতে আলেয়ার খালা ময়না আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বখাটে খোকন দীর্ঘদিন থেকে আলেয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার রাতে খোকন তার দুই সহযোগীকে নিয়ে আলেয়ার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী প্রথম আলোকে জানান, মামলার প্রধান আসামি খোকন ঘটনার পর হাতেনাতে ধরা পড়ে। এরপর শনিবার বিল্লাল নামে তার আরেক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। খোকনের বক্তব্য অনুযায়ী মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়। কিন্তু পরে আলেয়ার বক্তব্য নিয়ে ও তদন্ত করে দেখা গেছে, এ দুজনই ঘটনা ঘটিয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খোকন ও বিল্লাল দুজনই ১৬১ ধারায় আলেয়ার শরীরে আগুন দেওয়ার ঘটনা স্বীকার করেছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরা দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।