আলেয়ার মা বাঁচবে তো...
চার বছর ধরে অসুস্থ হাসনা বেগম। স্বামী উদাসীন। মেয়ে আলেয়া আর বোন রাজিয়া কোনোরকমে চালাচ্ছিল সংসার। আলেয়ার মৃত্যুর পর এখন শুধু অন্ধকার দেখছেন তিনি।শীর্ণ শরীরে বিছানায় পড়ে আছেন হাসনা বেগম। কখন তাঁর জ্ঞান থাকে, কখন থাকে না তা বোঝা যায় না। আলেয়ার মৃত্যুর পর থেকেই তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারের সদস্যদের সংশয় এখন তাঁর জীবন নিয়ে।ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে মিরপুর ১০ নম্বরে দাফন সম্পন্ন হয়েছে আলেয়ার। শত শত লোক জানাজা ও দাফনকাজে অংশ নেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার রাতে দুর্বৃত্তরা আলেয়ার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। নিহত আলেয়ার খালা রাজিয়া বেগম জানান, তিনি ও আলেয়া ব্যাগ সেলাই করে সংসার চালাতেন। তিন ভাইবোনের মধ্যে আলেয়া বড়। ছোট ভাইটার বয়স চার বছর। ছোট ভাইয়ের জন্মের পর থেকেই মা অসুস্থ। আলেয়ার বাবাও সংসারের প্রতি উদাসীন। আলেয়া মারা যাওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই আলেয়ার মা অজ্ঞান অবস্থায় রয়েছেন। এখন আলেয়ার মাকে বাঁচানো নিয়ে চিন্তিত পরিবারের সবাই।এদিকে এই মামলায় গ্রেপ্তার হওয়া খোকন ও বিল্লাল আলেয়ার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ইয়াকুব আলী।শোক-প্রতিবাদ: আলেয়ার মৃত্যুতে শোক ও উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনাম দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অপর এক বিবৃতিতে আলেয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কর্মজীবী নারী। তারাও আলেয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।