আলো ছড়াতে চান জ্যোৎস্না
প্রতিষ্ঠার ৩৫ বছর পর নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবারই প্রথম নারী প্রার্থী হয়েছেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জ্যোৎস্না আজাদ (৫৮)। তিনি সাবেক পৌর চেয়ারম্যান ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবদুল কদ্দুছের স্ত্রী।সংশ্লিষ্ট পৌরসভা নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে ১৯৭৫ সালে মোহনগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে পরপর দুবার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা প্রয়াত আবদুল কদ্দুছ। পৌরসভায় মোট জনসংখ্যা ৩৯ হাজার ৭৯০ জনের মধ্যে ভোটার ১৫ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৮০৭ জন এবং নারী ভোটার সাত হাজার ৯২১ জন।মোহনগঞ্জ চয়নিকা পাঠাগারের সভানেত্রী, স্কুলশিক্ষক ও নারী সংগঠক তাহমীনা ছাত্তার বলেন, ‘এ পৌরসভায় এবারই মেয়র পদে নারী প্রার্থী হওয়ায় নারী সংগঠনের পক্ষ থেকে তাঁকে স্বাগত ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি প্রার্থী হয়ে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। আরও আগেই এ পরিবর্তন প্রয়োজন ছিল। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি নির্বাচিত হলে দীর্ঘদিন চলতে থাকা একঘেয়ে প্রতিনিধিত্বেরও অবসান ঘটবে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল বলেন, জ্যোৎস্না আজাদ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে লিপ্ত রয়েছেন। দলে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।উপজেলা নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে জ্যোৎস্না আজাদের প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন: বিএনপির মো. মাহবুবুন্নবী শেখ, সাবেক পৌর মেয়র লতিফুর রহমান (আওয়ামী লীগ), কাজল চন্দ্র সরকার (আওয়ামী লীগ), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবদুর রহিম।জ্যোৎস্না আজাদ বলেন, ‘দলীয়ভাবে সমর্থন পেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত আমার স্বামী জনগণের কল্যাণে রাজনীতি করে গেছেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করছি। জনগণের ভালোবাসা সঙ্গে নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। জয়ী হয়ে মানুষের মাঝে আলো ছড়াতে চাই।’ নেত্রকোনার জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, এ জেলার চারটি পৌরসভায় ২০ জন মেয়র প্রার্থীর মধ্যে জ্যোৎস্না আজাদই একমাত্র নারী প্রার্থী।