আলো নিভিয়ে গণহত্যায় শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঁচিশে মার্চের গণহত্যা স্মরণ করতে দেশের অন্যান্য স্থানের মতো সিলেট নগরও এক মিনিটের জন্য ‘ব্ল্যাকআউটে’ চলে যায়। অন্ধকারাচ্ছন্ন চারদিক। জিন্দাবাজার, সিলেট, ২৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ
পঁচিশে মার্চের গণহত্যা স্মরণ করতে দেশের অন্যান্য স্থানের মতো সিলেট নগরও এক মিনিটের জন্য ‘ব্ল্যাকআউটে’ চলে যায়। অন্ধকারাচ্ছন্ন চারদিক। জিন্দাবাজার, সিলেট, ২৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় শহীদদের স্মরণে রোববার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত আলোহীন (ব্ল্যাকআউট) কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের হাজার হাজার মানুষ এই কর্মসূচি পালন করে।

রাজধানীর শ্যামলীর বাসিন্দা জাহিদ হোসেন বলেন, হাজার হাজার মানুষ রাত নয়টায় বিদ্যুতের বাতির সুইচ বন্ধ করে এক মিনিট আলোহীন কর্মসূচিতে অংশ নেয়। তিনি বলেন, স্বাধীনতা ঘোষণার আগ মুহূর্তে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় শহীদদের প্রকৃতভাবে বাংলাদেশ স্মরণ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সময় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশির ভাগ মানুষ তাদের বিদ্যুতের সুইচ অফ করে ২৫ মার্চ কালরাতে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শহীদদের স্মরণ করে।

এর আগে ২০১৭ সালে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন ২৫ মার্চের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে।

বাঙালির মুক্তির আন্দোলন নস্যাৎ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় বিশ্বের ইতিহাসের বর্বরতম গণহত্যা।