আলোক শিক্ষালয়ে 'শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা'

‘তখন আমার ২৩ বছরের বয়স ছিল। বঙ্গবন্ধু ভাষণ শোনার পর মুক্তিযুদ্ধে অংশ নিই। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিই। সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ছিল ঝুমঝুমপুর নামক স্থানে।’
মুক্তিযুদ্ধের সময়ের এই ঘটনা শিক্ষার্থীদের কাছে আবেগঘন কণ্ঠে বলছিলেন মুক্তিযোদ্ধা মিয়া মুজিবর রহমান।
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের ‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’ শিরোনামে সারা দেশে বছরব্যাপী স্কুলভিত্তিক কর্মসূচি পালন করছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বীরত্ব কথা শোনান মুক্তিযোদ্ধা মিয়া মুজিবর রহমান।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা মিয়া মুজিবর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায়।

আলোক শিক্ষালয়ের পরিচালক রাশেদা নাসরীন বলেন, ‘মুক্তিযোদ্ধারা আত্মত্যাগের বিনিময়ে এই দেশটা স্বাধীন করেছেন বলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজ বড় গর্ব হচ্ছে যে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাঁদের একজন প্রতিনিধি।’
অনুষ্ঠানে বক্তব্য দেন আলোক শিক্ষালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ফাহিমা সামাদ, সমাজসেবী রুখসানা আহমেদসহ স্কুলের শিক্ষকেরা।
‘অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব ও মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন’ ৭১ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বই পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের অর্থ সম্পাদক উম্মে নূর কণা ও আলোক শিক্ষালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন।