আলোকচিত্র প্রদর্শনী মিলাদ মাহফিল ও মানববন্ধন
লাল রক্ত ভেসে গেছে মেঝে, এলোমেলো ঘর। পাশে পড়ে থাকা সেই হাস্যোজ্জ্বল তিনজনের (ছেলেসহ) ছবি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার পর ঠিক যেমন ছিলটি বাড়িটি, তেমন করেই সাজানো হয়েছে দৃক গ্যালারি। গতকাল সোমবার ছিল সাগর-রুনির প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সাংবাদিকদের মহাসমাবেশ ছাড়াও দৃক গ্যালারিতে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর, রায়সাহেব বাজার বড় মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের সামনে সাগরের সহকর্মীরা আয়োজন করেন মানববন্ধন কর্মসূচির।সাগর-রুনি খুন হত্যার ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় তাঁদের পরিবার গতকাল রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজন করে আলোকচিত্র প্রদর্শনীর। ‘ক্রাইম সিন ডু নট ক্রস ক্রাইম’ শিরোনামে তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে রুনির ভাই নওশের রোমান জানান, হত্যার এক বছর পরও এর বিচার না হওয়ায় এবং হত্যাকারীদের চিহ্নিত করতে না পারায় এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। তিরি আরও বলেন, ‘প্রদর্শিত ছবিগুলোর বেশির ভাগই সাগর-রুনির নিজেদের তোলা। কিছু ছবি আছে, যা আমরা অন্যভাবে উপস্থাপন করেছি।’সাগরের মা সালেহা বেগম বলেন, ‘আমার একটাই কথা, আমি আর জজ মিয়া নাটক দেখতে চাই না। আমরা ন্যায়বিচার চাই। এভাবে আর কত দিন অপেক্ষা করতে হবে?’ সালেহা বেগম বলেন, ‘যারা আমার মেঘকে এতিম করছে, আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাই।’ এ ছাড়া অনুষ্ঠানে সাগর সরওয়ারের বই প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে।মিলাদ মাহফিল: প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সাগর সরওয়ারদের পুরান ঢাকার বাসার পাশে রায়সাহেব বাজার বড় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে সাগরের বোনের স্বামী ও মামারা আজিমপুর কবরস্থানে গিয়ে নিহত দম্পতির কবর জিয়ারত করেন।