আলোকচিত্র শিক্ষক আনিসুর রহমান আর নেই

বাংলাদেশের আলোকচিত্র জগতের উল্লেখযোগ্য সংগঠক ও শিক্ষক মো. আনিসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর চারটার দিকে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
আজিমপুরের বাসায় সকাল সোয়া নয়টায় প্রথম জানাজা শেষে আনিসুর রহমানের মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
গত ২২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন আনিসুর রহমান। এর পর ৭ মার্চ তাঁকে মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়।
আনিসুর রহমান তাঁর দীর্ঘ কর্মজীবনের অনেকটা সময় কাটিয়েছেন আলোকচিত্রবিষয়ক প্রতিষ্ঠান দৃক, পাঠশালা—সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট ও ত্রিনয়নে। এ ছাড়া তিনি মুক্তচোখ-পাঠশালা ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দেশ-বিদেশের বিখ্যাত আলোকচিত্রীদের কাছে তিনি উন্নত মানের সাদাকালো ছবির ‘ডার্করুম টেকনিশিয়ান’ হিসেবে পরিচিত ছিলেন।