জিয়া ইসলাম আহতের ঘটনায় মামলা, গাড়িচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া ইসলাম
জিয়া ইসলাম

প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ঘটনায় এক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম কল্যাণ কোরাইয়া। কল্যাণ বিজ্ঞাপনের মডেল ও অভিনয় পেশার সঙ্গে যুক্ত।
এর আগে দুর্ঘটনার বিষয়ে আজ মঙ্গলবার রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর।
গতকাল সোমবার রাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকে একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার আশপাশে থাকা কয়েকজন সাংবাদিক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংকটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর একটি পা ভেঙে গেছে। তবে সবচেয়ে গুরুতর হলো মাথার আঘাত।
মঙ্গলবার বেলা দুইটার দিকে আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে চিকিৎসকদের একটি দল। অস্ত্রোপচারের পরে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। তবে পর্যবেক্ষণের সময় বাড়তে পারে।
মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার সময় বসুন্ধরা শপিং মলের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন সাংবাদিক গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ধাক্কা দেওয়ার পরে গাড়িচালক সেখানে না দাঁড়িয়ে গাড়ির সামনে-পেছনের লাইট বন্ধ করে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যান। যে কারণে গাড়ির নম্বরপ্লেট তাৎক্ষণিকভাবে কেউ দেখতে পারেননি। দুজন সাংবাদিক আহত জিয়া ইসলামকে একটি অটোরিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওই দিন রাত দেড়টার দিকে কল্যাণ কোরাইয়া হাসপাতালে জিয়া ইসলামকে দেখতে যান। সেখানে তিনি উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, তাঁর গাড়ির মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনার আশপাশে কোনো সিসি ক্যামেরা আছে কি না, তার খোঁজ করা হচ্ছে।

প্রায় দুই দশকের সাংবাদিকতা জীবনে বহুবার হামলা ও দুর্ঘটনার শিকার হয়েছেন জিয়া ইসলাম। এর মধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায়ও তিনি আহত হয়েছিলেন। আহত হলেও তিনি ক্যামেরা ছাড়েননি। ২১ আগস্ট হামলার বহুল প্রচারিত ছবিগুলোর বেশ কটিই জিয়া ইসলামের তোলা।