আলোকচিত্রী আফতাব খুনের ঘটনায় চালকসহ আটক ৫
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ (৭৮) খুনের ঘটনায় তাঁর গাড়িচালকসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, চালক হুমায়ুন কবিরসহ পাঁচজনকে গাজীপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে আটক করা হয়েছে।
এই মামলার বাদী নিহতের ছেলে মনোয়ার আহমেদ বলেন, ‘আমি চাই যেন দ্রুত বিচার আইনে এ মামলার বিচার করা হয়। আমি হুমায়ুন কবির ও অজ্ঞাত চারজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিলাম। এরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
গত ২৬ ডিসেম্বর নৃশংসভাবে খুন হন আফতাব আহমেদ। রাজধানীর রামপুরায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই আফতাবের গাড়িচালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নিহত আলোচিত্রীর মেয়ে আফরোজ আহমেদের অভিযোগ, সম্প্রতি পুরান ঢাকার আর কে মিশন রোডের ফ্ল্যাটটি বিক্রি করে সেই টাকা তাঁর বাবা বাসায় রেখেছিলেন। আর মুক্তিযুদ্ধের সময় তোলা ছবির স্বত্ব বিক্রি করে পাওয়া ১৫ লাখ টাকাও বাসায় রেখেছিলেন। কোনো অর্থ ব্যাংকে রাখতেন না। হুমায়ুন কবির নামের এক যুবককে ১ ডিসেম্বর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োগ দেন তাঁর বাবা। টাকা লুট করতেই গাড়িচালকের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আলোচিত অসংখ্য ছবি তুলেছিলেন আফতাব আহমেদ। তাঁর তোলা ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ৭ নভেম্বর সিপাহী বিপ্লব ইত্যাদি। তবে আফতাব আহমেদ সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় তোলা ‘জাল পরা বাসন্তি’র ছবির কারণে। বাসন্তির সেই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি করার পর ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক-এ ফটোসাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন আফতাব আহমেদ। টানা কাজ করার পর দৈনিক ইত্তেফাক থেকে ২০০৬ সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি। ওই বছরই একুশে পদক পান আফতাব আহমেদ।
১৯৩৫ সালে রংপুর জেলার গঙ্গাচড়া থানার মহিপুরে জন্মগ্রহণ করেন আফতাব আহমেদ। তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। স্বাধীনতা সংগ্রামে বাঙালি, বাংলার মুক্তির সংগ্রাম সিরাজুদৌল্লা থেকে শেখ মুজিব, আমরা তোমাদের ভুলবো নাসহ কয়েকটি বইও আছে তাঁর।