আলোকচিত্রী জুয়েলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
অবিলম্বে সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সভা থেকে এই দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ‘হামলায় নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলামসহ অন্যরা এখনো বিভিন্ন মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে যাচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা এমন আস্ফালন করছে। আমরা অবিলম্বে রাশেদসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ আজ বৃহস্পতিবার দুপুরে আবারও একই দাবিতে সভা আহ্বান করা হয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি এজাজ ইউসুফী। সংগঠনের যুগ্ম সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।