আলোকচিত্রে অভিবাসী জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজন করা হয়েছে ‘দ্য বেস্ট ইয়ারস অব মাই লাইফ: বাংলাদেশি মাইগ্র্যান্টস ইন মালয়েশিয়া’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী l প্রথম আলো
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজন করা হয়েছে ‘দ্য বেস্ট ইয়ারস অব মাই লাইফ: বাংলাদেশি মাইগ্র্যান্টস ইন মালয়েশিয়া’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী l প্রথম আলো

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে ছাই রঙের তিনটি ঘর। ঘরের মধ্যে সাদা রঙের বোর্ডে টাঙানো বিভিন্ন আলোকচিত্র। একটি আলোকচিত্রে ভাসছে কয়েকটি ডায়েরির পাতা। তাতে লেখা কবিতা—‘লাগলে ক্ষুধা বনের লতা সিদ্ধ খেয়ে...’
এই আলোকচিত্রের পাশেই কবির ছবি। কবির নাম বাবু বিশ্বাস। ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করেন তিনি। প্রবাসজীবনের গল্পগুলো ফুটে ওঠে তাঁর লেখায়। বাবু বিশ্বাসের মতো আবুল হোসেন, মাসুদ রানা, তাহের আর শাহনাজদের মালয়েশিয়ায় প্রবাসজীবনের লড়াইয়ের গল্পগুলো ধারণ করেছে আলোকচিত্রশিল্পী শহিদুল আলমের ক্যামেরা।
গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের নবম সামিটের ব্যানারে ৮ ডিসেম্বর থেকে এই ছবিগুলো নিয়ে শুরু হয়েছে ‘দ্য বেস্ট ইয়ারস অব মাই লাইফ: বাংলাদেশি মাইগ্র্যান্টস ইন মালয়েশিয়া’ শিরোনামে একক আলোকচিত্র প্রদর্শনী। শুরু হয়েছে ৮ ডিসেম্বর। গতকাল প্রদর্শনীর শেষ দিনে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা ছিল।
গতকাল দর্শনার্থীদের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখান শিল্পী নিজেই। বলেন, প্রতিটি আলোকচিত্রের পেছনের গল্প। শিল্পী শহীদুল আলম বলেন, ‘এবার একটি বিশেষ চিন্তা নিয়ে কাজটি করেছিলাম, কারণ এই যে সামিটটি হতে যাচ্ছে, তাতে বাংলাদেশ সভাপতিত্ব করছে। ১২৪টি দেশের প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন। যাঁরা অভিবাসীদের নিয়ে কাজ করেন। এই সুযোগটাকে কাজে লাগাতে চেষ্টা করেছি। মনে হয়েছে যে বিষয়গুলো তোলা দরকার, সেটা শুধু বাংলাদেশের জন্যই প্রাসঙ্গিক নয়। সারা পৃথিবীর জন্যই দরকার।’

গতকাল সন্ধ্যায় ​গ্যেটে ইনস্টিটিউট অডিটরিয়ামে গান শোনায় জার্মান ফোক–রক ব্যান্ড পার এন্ডারস। জার্মান দূতাবাস ও গ্যেটে ইনস্টিটিউটের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশে এসেছে তিন সদস্যের  এ ব্যান্ড l প্রথম আলো
গতকাল সন্ধ্যায় ​গ্যেটে ইনস্টিটিউট অডিটরিয়ামে গান শোনায় জার্মান ফোক–রক ব্যান্ড পার এন্ডারস। জার্মান দূতাবাস ও গ্যেটে ইনস্টিটিউটের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশে এসেছে তিন সদস্যের এ ব্যান্ড l প্রথম আলো

শিল্পী ছাইরঙা তিনটি ঘরের প্রথমটি সাজিয়েছেন অভিবাসী মানুষের স্বপ্ন, বিদেশের উদ্দেশে যাত্রা এবং সেখানে জীবনযাপনের লড়াই নিয়ে। দ্বিতীয় ঘরটিতে আছে অভিবাসী নারীদের জীবন ও কিছু ব্যতিক্রমী দিক যেমন অভিবাসীদের সাংস্কৃতিক কার্যক্রম। তৃতীয় ঘরটিতে আছে সেখানকার মালিকপক্ষ, দালাল, অ্যাকটিভিস্ট ও কর্মকর্তাদের ছবি।
প্রদর্শনীতে ৩৯টি আলোকচিত্র স্থান পেয়েছে। একই শিরোনামে শহিদুল আলমের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে। দ্য সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং দৃক পিকচার লাইব্রেরির সহযোগিতায় প্রদর্শনীটি আয়োজিত হয়েছে।
জয়নুল গ্যালারিতে আজ থেকে ‘কারুনন্দন’: নবীন শিল্পী হৃদিআর্দ্রা আহমেদের ‘কারুনন্দন’ শীর্ষক প্রথম একক কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আজ মঙ্গলবার এ প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ। আজ বিকেল চারটায় প্রদর্শনীর উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিল্পী নিসার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের সভাপতি মো. ফারুক আহাম্মদ মোল্লা।
দাঁড়কাকের আয়োজনে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীটি চলবে।