
১ আগস্ট ১৯৭১। লন্ডনের ট্রাফালগার স্কয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আয়োজন করা হয়েছে মহাসমাবেশের। এতে ঢল নেমেছে মুক্তিকামী প্রবাসী বাঙালিদের। একজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ‘স্টপ জেনোসাইড, রিকগনাইজ বাংলাদেশ’ (গণহত্যা বন্ধ করো, বাংলাদেশকে স্বীকৃতি দাও)।
সাড়ে চার দশক আগে মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বাঙালিদের আন্দোলন-সংগ্রামের সেই দিনগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে সাদাকালো এই ছবিতে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশীদ চৌধুরী গ্যালারিতে আয়োজন করা হয়েছে ‘লন্ডন ১৯৭১’ শীর্ষক তিন দিনের প্রদর্শনী। এতে ঠাঁই পেয়েছে ওই ছবিটিসহ মোট ৮০টি ছবি ও পোস্টার।
সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ‘প্রজেক্ট লন্ডন ১৯৭১’–এর ব্যানারে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক আবাসিক প্রতিনিধি এ কে আবদুল মোমেন।
মুক্তিযুদ্ধ চলাকালে লন্ডনে স্বাধীনতাসংগ্রামের সমর্থনে ও গণহত্যা বন্ধের দাবিতে আয়োজিত বিভিন্ন মিছিল-সমাবেশের আলোকচিত্র, মুক্তিযুদ্ধ শেষে লন্ডন হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন—পুরো সময়ের আলোচিত সব ঘটনার ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ছিল লন্ডনপ্রবাসী বাঙালিদের কাছে সাহায্য-সহযোগিতা চেয়ে পাঠানো মুক্তযুদ্ধের সময় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীনের হাতে লেখা চিঠি ও গণহত্যা বন্ধের পোস্টার। ছিল বিভিন্ন সময়ে প্রকাশিত ডাকটিকিট।
উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া, ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রজেক্ট লন্ডন ১৯৭১–এর উদ্যোক্তা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে লন্ডনপ্রবাসীদের অত্যন্ত জোরালো ভূমিকা ছিল। তাঁরা বিভিন্ন রাষ্ট্রের কাছে মুক্তিযুদ্ধে বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও গণহত্যার কথা তুলে ধরেছিলেন। তাঁরা বলেন, তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল দুপুরে বন্ধুদের নিয়ে প্রদর্শনী দেখতে এসেছিলেন চারুকলা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ত্রিবেণী সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুর্লভ ছবিগুলো দেখার পর চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে সে সময়। দেশের টানে লন্ডনপ্রবাসীরা যেভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, তা দেখে গর্ব হচ্ছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ধর্মরাজ বলেন, ‘মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনপ্রবাসী বাঙালিরা যে এত কিছু করেছেন, তা জানতাম না। প্রদর্শনীতে এসে তার অনেকটা জানতে পারলাম।’
প্রদর্শনীর উদ্যোক্তা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ প্রথম আলোকে বলেন, আট বছর ধরে এসব ছবি সংগ্রহ করা হয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া বেশির ভাগ ছবি ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়েন ও বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা। এর আগে ঢাকা ও সিলেটে এ প্রদর্শনী হয়েছে। ভবিষ্যতে লন্ডনে প্রদর্শনী করার ইচ্ছা রয়েছে।
এই প্রদর্শনী ৯ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।