আলোকচিত্রে দেশের জন্ম ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের সামনের খোলা জায়গায় আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছে শিশুরা l প্রথম আলো
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের সামনের খোলা জায়গায় আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছে শিশুরা l প্রথম আলো

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘রক্তাক্ত ২৫ মার্চ: গণহত্যার ইতিবৃত্ত’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ বিষয়ে ইতিমধ্যে সরকারের নেওয়া পদক্ষেপ এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দুই দিনব্যাপী এই আয়োজন করেছে। আয়োজনের মূল আকর্ষণ চিত্র প্রদর্শনী। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের সামনের খোলা জায়গাকে ক্যানভাস করে নানা দুর্লভ ছবি আর শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জন্ম-ইতিহাস, ২৫ মার্চ কালরাতের ভয়াবহতা। ফুটিয়ে তোলা হয়েছে ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নানা ঘটনাপ্রবাহ, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, নির্বাচন-পরবর্তী সময়ের আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার নানা চিত্র। যেন এক ক্যানভাসেই দেশের পুরো জন্ম-ইতিহাস। আজও সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। পাশাপাশি জাদুঘরে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
ছবির পাশাপাশি প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত গণহত্যার তথ্য। ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল (বর্তমান জহুরুল হক হল), এস এম হলে পাকিস্তানি সেনাদের আক্রমণ ও পিলখানায় পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের ইতিহাস আছে। শুধু ২৫ মার্চ ঢাকায় নয়, মুক্তিযুদ্ধকালীন ৯ মাসে বিভিন্ন সময় ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলেও গণহত্যা চালিয়েছিল পাকিস্তানিরা। চট্টগ্রামের পাহাড়তলীতে একাত্তরের নভেম্বরে গণহত্যার শিকার হয়েছিলেন প্রায় ৫ হাজার মানুষ, শেরপুরের সোহাগপুরে ২৫ জুলাই প্রাণ দেন ১৪৪ জন—এ ধরনের নানা তথ্য তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।
এই আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের আগে মোজাম্মেল হক বলেন, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে দূত পাঠিয়েছে। গণহত্যার যত দলিল, ভিডিও ফুটেজ আছে, সবকিছু বিভিন্ন দেশের কূটনীতিকদের, বিশেষ করে জাতিসংঘে যাঁরা প্রতিনিধিত্ব করেন, তাঁদের দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কূটনৈতিক যোগাযোগ করবে।
গণহত্যার বিষয়টি মানুষকে জানানোর উদ্যোগ হিসেবে মন্ত্রী বলেন, সরকার ভাবছে আগামী বছর থেকে ২৫ মার্চ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সারা দেশে এক মিনিট সবকিছু স্তব্ধ থাকবে। বিউগল বাজবে। কোনো গাড়ি-ঘোড়া চলবে না, কোনো মানুষ হাঁটবে না। এই দিন ছুটি ঘোষণা না করে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে একটি নির্ধারিত সময়ে কর্মবিরতি দিয়ে ২৫ মার্চ গণহত্যার ওপর এক ঘণ্টা আলোচনা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক সচিব মো. মাহমুদ রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।