আলোকচিত্রে পোশাকশিল্প ও শ্রমিকদের ঘুরে দাঁড়ানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘থ্রেড অব চেঞ্জ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী l ছবি: প্রথম আলো
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘থ্রেড অব চেঞ্জ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী l ছবি: প্রথম আলো

বাংলাদেশের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনের চিত্র তুলে এনেছেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের আলোকচিত্রী অ্যালিসন রাইট। রানা প্লাজায় ঘটে যাওয়া বিপর্যয়ের পরও দেশের পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর চেষ্টা উঠে এসেছে তাঁর ছবিতে।
পোশাক খাতের এই ঘুরে দাঁড়ানোকে উদ্যাপন করতে রাজধানীর গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে আয়োজন করা হয়েছে ‘থ্রেড অব চেঞ্জ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর। পাশাপাশি দেখানো হচ্ছে প্রামাণ্যচিত্রও। ফ্যাশন রেভল্যুশন বাংলাদেশ এবং নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। বিশ্বকে বাংলাদেশের পোশাকশিল্পে চলমান ইতিবাচক বিষয়গুলো সম্পর্কে জানানোই এর উদ্দেশ্য।
ফ্যাশন রেভল্যুশন বিশ্বব্যাপী একটি সচেতনতামূলক প্রচারণার নাম। বিশ্বের ফ্যাশনশিল্পে পোশাক জোগানদাতা দেশগুলোর মধ্যে স্বচ্ছতা-জবাবদিহি নিয়ে আসা এবং টেকসই ফ্যাশনশিল্প গড়ে তোলাই এই প্রচারণার লক্ষ্য। রানা প্লাজার ঘটনার পর প্রতিবছর ২৪-৩০ এপ্রিল ফ্যাশন রেভল্যুশন সপ্তাহ পালন করা হয়। প্রচারের অংশ হিসেবে ফ্যাশন রেভল্যুশন ‘হু মেড ইওর ক্লথস’ এবং ‘হু মেড মাই ক্লথ’ নামের প্ল্যাকার্ড নিয়ে হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।
৩০ এপ্রিল পর্যন্ত আলোকচিত্রের পাশাপাশি প্রতিদিন বিকেলে পোশাকশিল্পে কমর্রত শ্রমিক ও তাঁদের পরিবার নিয়ে তৈরি একটি করে প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে।
এমনই একটি প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, হাফিজা আক্তারের বয়স ৮ বছর। তার মা একটি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানার শব্দের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনকি টেলিভিশনের শব্দও এখন তিনি সহ্য করতে পারেন না। মা অসুস্থ হওয়ায় এখন ঘরের সব কাজই হাফিজাকে করতে হয়।
হাফিজা আক্তারের জীবন নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে তার ও তার পোশাককর্মী মায়ের জীবন। ‘আলোকচিত্রের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ স্লোগান নিয়ে কাজ করা ‘লেন্সেশনাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ রকম আরও চারজন শিশুর জীবন উঠে আসে শিশুদেরই তৈরি করা প্রামাণ্যচিত্রে।
পোশাকশিল্পের শ্রমিকদের নিয়ে কাজ করা নাগরিক উদ্যোগের জয়িতা হোসেন বলেন, পোশাকশিল্পে কর্মরত মায়েরা, তাঁদের সন্তানেরা কীভাবে জীবনযাপন করে, তাঁদের পরিবারগুলো কেমন—এসবই উঠে এসেছে এসব প্রামাণ্যচিত্রে। নাগরিক উদ্যোগের পক্ষ থেকে তাঁরা তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন।