আলোকসজ্জা গিলে খাচ্ছে ‘দিয়ড়ি’কে
আগামী মঙ্গলবার অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব। কিন্তু এই উৎসবের আগে চিরপরিচিত দিয়ড়ি (মাটির প্রদীপ) তৈরির সেই পরিচিত ব্যস্ততা নেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুমোরপাড়াগুলোতে। যৎসামান্য লাভে সারা বছর তাকিয়ে থাকা কুমোরপাড়ার কারিগরদের মুখে তাই বিষাদের ছায়া। জানা গেছে, এই উপজেলায় দীপাবলির সন্ধ্যায় হিন্দু পরিবারের প্রতিটি বাড়িতে দিয়ড়ির ভেতর সলতে পাকিয়ে তেল ভরে জ্বালানোর রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে। এ জন্য একটা সময় ছিল দীপাবলির কিছুদিন আগে থেকেই কুমোরপাড়ায় উপচে পড়ত ভিড়। দেদার বিক্রি হতো দিয়ড়ি। আর তাই এদিনে দিয়ড়ি বিক্রির জন্য এলাকার কুমোরপাড়ার লোকজন সারা বছর অপেক্ষায় থাকে। কিন্তু চার বছর হলো তাদের দিয়ড়ি বিক্রি একদম কমে গেছে। দীপাবলির রাতে দিয়ড়ির জায়গায় ভবন ও বাড়ি শোভা করে সেজে উঠছে নানা রঙের বৈদ্যুতিক ছোট বালবের আলোকসজ্জায়। না হলে নানা জায়গা দখল করে নিয়েছে নানা আকারের রঙিন মোমবাতি। মৃৎশিল্পীরা জানান, একের পর এক লড়াইয়ে হারতে হারতে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। তবু তাঁরা ময়দান ছাড়তে নারাজ। করবেন বা কী? স্টিল কিংবা পিতল-কাঁসার গ্লাস ও থালা তাঁদের মাটির তৈরির গৃহস্থালি জিনিসপত্রের বাজার কেড়ে নিয়েছে কবেই। বাকি ছিল দিয়ড়ি। সেটাও বেহাত হয়ে গেছে। উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে সাদুল্যাপুর গ্রামে এ কালীপূজা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে ওই কুমোরপাড়ায় গিয়ে দেখা গেছে, এলাকাজুড়ে ব্যস্ততা। কালীপূজার মণ্ডপ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। অদূরেই কালী প্রতিমা বানানোর কাজে ব্যস্ত হারাধন মালাকার। আর মণ্ডপের পাশেই কুমোরপাড়া। সেখানে গরিব কুমোর পরিবারদের চোখে-মুখে উৎসাহের কোনো চিহ্ন নেই। চাকা ঘোরার ব্যস্ততা নেই। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কিছু দিয়ড়ি। মাটির চাকে দিয়ড়ি তৈরি করছিলেন রতন পাল। তার চারপাশে রোদে শুকাতে দেওয়া হয়েছে কিছু দিয়ড়ি। সেগুলো ঘুরিয়ে-ফিরিয়ে রোদ খাওয়াচ্ছিল বাড়ির বাকি লোকেরা। রতন পাল বলেন, ‘চার বছর আগেও দিয়ড়ির চাহিদা ছিল। দুর্গাপূজার পরপরই বাড়ির সকলে মিলে লেগে পড়তাম কাজে।’ রতনের আক্ষেপ, ‘বিগত বছরগুলোতে আমার ২০ থেকে ২৫ হাজার দিয়ড়ির চাহিদা ছিল। গত বছর বিক্রি কমে হয়েছে পাঁচ হাজার। এ বছর এখন পর্যন্ত কোনো চাহিদা পাইনি।’ গতবারের চেয়ে অর্ধেক দিয়ড়ি বিক্রি হবে কি না, তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে রতন পালের মতো কুমোরপাড়ার কারিগরদের।