আলোকসজ্জার 'বিলাসিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে খালেদা জিয়ার জনসভা ঘিরে আলোকসজ্জা, তোরণ, ফেস্টুন আর ব্যানারে ছেয়ে গেছে গোটা শহর ষ প্রথম আলো
রংপুরে খালেদা জিয়ার জনসভা ঘিরে আলোকসজ্জা, তোরণ, ফেস্টুন আর ব্যানারে ছেয়ে গেছে গোটা শহর ষ প্রথম আলো

রংপুরে প্রায় ১৭ বছর পর আজ রোববার জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে আলোকসজ্জা করা হয়েছে।
শহরজুড়ে রয়েছে দেড় শতাধিক তোরণ, এক হাজারের বেশি ডিজিটাল ব্যানার, ফেস্টুন আর ছোট-বড় বিলবোর্ড। শুধু সাজসজ্জার পেছনেই প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
বিএনপির জেলা শাখার আয়োজনে আজ বেলা দুইটায় রংপুর জিলা স্কুলমাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া। ১৭ বছর পর রংপুরে কোনো জনসভায় খালেদা জিয়ার যোগ দেওয়ার কারণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সভাস্থল থেকে শহরের ভেতর দিয়ে শাপলা চত্বর পর্যন্ত প্রায় চার কিলোমিটার প্রধান সড়কে বিদ্যুতের খুঁটিতে আলোকসজ্জা করা হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবিসংবলিত এক হাজারের বেশি ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি তোরণ নির্মাণে ব্যয় হয়েছে সাত হাজার টাকা। এতে ১৫০টি তোরণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা। আলোকসজ্জায় পাঁচ লাখ ও ডিজিটাল ব্যানার-ফেস্টুনে আনুমানিক ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা।
এ প্রসঙ্গে সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, এভাবে খরচ করা বিলাসিতা ছাড়া কিছুই নয়।
জনসভার সমন্বয়কারী ও রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিজেদের ব্যয়ে এসব করেছেন।