আলোকিত-আরামিট বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নিয়ে অনেক হলো মাতামাতি, দলাদলিও কম নয়। সবাইকে ছাড়িয়ে স্পেন বসেছে সোনার চেয়ারে। বিশ্বজয়ের সেই উৎসব এখনো কি থেমেছে! স্পেনের মতো নিজেদেরও জয়ী মনে করছেন আলোকিত-আরামিট প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীরা।স্পেন মাঠে খেলে চ্যাম্পিয়ন হয়েছে, আর কুইজ প্রতিযোগীরা চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বকাপ-সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দিয়ে। গতকাল মঙ্গলবার তাঁদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন আরামিট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র, প্রয়াত ফুটবলার ইকবাল খানের স্ত্রী ও জাতীয় ক্রিকেট তারকা তামিম ইকবালের মা নুসরত ইকবাল খান। কামরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও আরামিটের নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল।বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে বাঙালি সব সময় মাতোয়ারা। এবারও এর ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপ নিয়ে এভাবে মেতে থাকে বলেই এখানকার মানুষ অন্তত এই এক মাস ভুলে থাকে তাদের দুঃখ-কষ্ট। এভাবে একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের আয়োজনে এবারের কুইজ প্রতিযোগিতায় স্পনসর ছিল আরামিট গ্রুপ। প্রতিযোগিতার প্রথম পর্বের বিজয়ীরা হলেন আমজাদ হোসেন, রাহুল সেন ও সালমান খায়ের। দ্বিতীয় পর্বের সেরা তিন বিজয়ী হলেন গিয়াস উদ্দিন, আপন দাশ ও আবদুল মান্নান। শেষ পর্বের সেরা তিনজন হলেন সমীর ভট্টাচার্য, তাজুল ইসলাম ও হোসনে আরা বেগম। তাঁরা প্রত্যেকে জিতেছেন প্রথম ল্যাপটপ, দ্বিতীয় ফ্রিজ ও তৃতীয় রঙিন টেলিভিশন।শুধু তাঁরা নন। বিশ্বকাপ কুইজ-সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিয়ে উপস্থিত দর্শকদের মধ্য থেকেও ১০ জন ভাগ্যবান জিতে নেন তাৎক্ষণিক পুরস্কার। পুরস্কার অনুষ্ঠানে ছিল নাচ-গানের আয়োজনও। শিল্পী লুবনা শোনালেন, ‘মধুমালতী ডাকে আয়’, ‘সাম্পানওয়ালা’, ‘ভালো লাগে’ প্রভৃতি গান। সংগীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান তারকা কিশোর। এ ছাড়া আঞ্চলিক গান পরিবেশন করেন সুস্মিতা ও প্রেম সুন্দর বৈষ্ণব। আর অনন্য বড়ুয়া ও তাঁর দল নাচল গানের তালে তালে। বিশ্বকাপের জনপ্রিয় সংগীত ‘সামিনা...ওয়াকা ওয়াকা’র সঙ্গেও চলে নৃত্য।