
নিজেরা আলোকিত হয়ে আলোর প্লাবনে দেশ উজ্জ্বল করে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো প্রথম আলো বন্ধুসভার জাতীয় বন্ধু সম্মেলন। আরও বেশি করে ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের সমাজে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার অঙ্গীকার করলেন বন্ধুরা।
গতকাল শনিবার সারা দিন এক উদ্দীপনাময় আনন্দঘন অনুষ্ঠানে পরিণত হয়েছিল জাতীয় বন্ধু সম্মেলন। কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে এই সম্মেলনে অংশ নিয়েছেন ঢাকা মহানগরসহ সারা দেশের প্রথম আলো বন্ধুসভার ১১৫টি কমিটির নতুন-পুরোনো পাঁচ শতাধিক বন্ধু। বন্ধুসভার কার্যক্রম প্রথম আলোর সমবয়সী। এখন চলছে ১৭ বছর। দেশের ৬৪টি জেলা, ৩৩টি উপজেলা, কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৭টি কমিটি রয়েছে বন্ধুসভার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বন্ধুসভার কার্যক্রম বিস্তৃত হয়েছে জাপান, তুরস্ক ও মালয়েশিয়ায়। সব মিলিয়ে ১৩৭টি কমিটির নতুন-পুরোনো লাখো বন্ধু এখন বাংলাদেশকে এগিয়ে নিতে সক্রিয় রয়েছেন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে। সে কারণেই এবার জাতীয় বন্ধু সম্মেলনের স্লোগান ছিল ‘আমি বাংলাদেশ’।
সম্মেলনের উদ্বোধন করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বন্ধুদের বলেন, ‘দেশের প্রতি, সমাজের প্রতি আমাদের প্রত্যেকেরই ঋণ আছে। এই ঋণ শোধ করতে হবে। সে জন্য খুব বড় কাজ করতে হবে তা নয়। যে যে অবস্থায় আছে সেখান থেকেই যদি ভালো কাজ করা যায়, তা হলেই দেশ অনেক এগিয়ে যাবে। শোধ হবে মাটি ও মানুষের ঋণ।’
এরপরই মঞ্চে ‘আমি বাংলাদেশ’ নামের একটি মাইম শো পরিবেশিত হয় ঢাকা মহানগরের বন্ধু মীর লোকমানের নির্দেশনায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে এর শুরু হয়। তারপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, বাঙালির স্বাধীনতাসংগ্রাম ও চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে শেষ হয় অভিনয়। এরপর দলীয় নৃত্য পরিবেশন করেন ক্যামব্রিয়ান কলেজ বন্ধুসভার বন্ধুরা।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বন্ধুসভার বন্ধুদের প্রথম আলোর সফল শুভেচ্ছাদূত হিসেবে অভিহিত করে বলেন, ‘বন্ধুসভা প্রথম আলোর কাজকে এগিয়ে নিতে সহায়তা করছে। পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের সামনে একটি কাজের ক্ষেত্র সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক মানবিক রাষ্ট্রে পরিণত করে তোলা। প্রথম আলো আছে যা কিছু ভালো তার সঙ্গে। বন্ধুসভাও এসব ভালো কাজের সঙ্গী।’ তিনি বন্ধুদের বলেন, সবাইকে সেরা ছাত্র হতে হবে তা নয়, কিন্তু সবাইকে সেরা মানুষ, সেরা দেশপ্রেমিক হতে হবে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক ও বন্ধসভার উপদেষ্টা আনিসুল হক বলেন, ‘অনেক সময় আমরা প্রশ্ন করি, দেশ আমাদের কী দিয়েছে? উত্তর হলো, এই দেশে আমরা জন্ম নিয়েছি, আলো-বাতাসে শ্বাস নিয়েছি, কৃষকেরা হাড়ভাঙা পরিশ্রম করে আমাদের খাদ্য জুগিয়েছে। দেশের প্রতি এই ঋণ আমাদের রক্তের ঋণ।’ তিনিও এই ঋণ শোধ করতে নিজেদের এক একটি মোমবাতির মতো আলোকিত মানুষ হয়ে ওঠার কথা বলেন।
আলোচনার পর আবার গান। দুটি গান করেন শিল্পী মাহামুদুজ্জামান বাবু। পরে মতিউর রহমান বন্ধুসভার উপদেষ্টা পরিষদ ও দুই বছর মেয়াদি প্রথম আলো নতুন জাতীয় নির্বাহী কমিটির নাম এবং আনিসুল হক এক বছর মেয়াদি ঢাকা মহানগর বন্ধুসভার নতুন কমিটির নাম ঘোষণা করেন। জাতীয় কমিটির সভাপতি হয়েছেন সাইদুজ্জামান রওশন, নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক শান্তা তাওহিদা। ঢাকা মহানগরের সভাপতি দেবলীনা সুর ও সাধারণ সম্পাদক হয়েছেন ওমর ফারুক।
এরপর বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের ভবিষ্যতের কর্মপরিকল্পনা, তাঁদের প্রতিক্রিয়া জানানোর সঙ্গে সঙ্গে চলে গান, নৃত্য, অতিথিদের শুভেচ্ছা জানানোর পালা। শিল্পী কনা শুনিয়েছেন ‘প্রেম আছে’। শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বন্ধুসভার উপদেষ্টা হাবিবুল বাশার, অভিনয়শিল্পী জাহিদ হাসান, শিল্পী দীপা খন্দকার, আব্দুন নূর তুষার ও প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। সিলেটের বন্ধু অনামিকা রায় বন্ধুসভার কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। তার ডেমোটি প্রদর্শন করা হয় এক ফাঁকে। মাদককে ‘না’ বলে অঙ্গীকার করেন বন্ধুরা।
এই পর্বে বিভিন্ন শাখার বন্ধুরা তাঁদের আগামী বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাতে বইপড়া, পাঠাগার স্থাপন, শুদ্ধ করে জাতীয় সংগীতের প্রশিক্ষণ দেওয়া, বৃক্ষরোপণ, আইটি প্রশিক্ষণসহ নানা কর্মসূচির কথা উল্লেখ করা হয়। চলছিল বন্ধুদের গান ও নৃত্য। নৃত্য পরিবেশন করেন গৌরনদীর বন্ধু সিলভিয়া মুন, বেগম রোকেয়া কলেজের বন্ধু পলক ও অনিন্দিতা খান। গান করলেন দেবলীনা সুর, মিতু কর্মকার, প্রিয়াংকা বিশ্বাস ও অনামিকা রায়। শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিশিষ্ট শিল্পী কনকচাঁপা।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবৃত্তি করলেন নিজের লেখা কবিতা, অনুরোধে গেয়ে শোনালেন ‘তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়’ গানটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান রওশন ও হাসান মাহমুদ।