আলোকিত নূরজাহান ঈদ ফ্যাশনে দেশি পোশাকের জয়গান
ঈদ উৎসব ঘিরে বাঙালির ফ্যাশন ভাবনাটা বৈচিত্র্য লাভ করেছে সবচেয়ে বেশি। সেই ভাবনা শাণিত করতে প্রতিবারের মতো এবারও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে নূরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতা নাচে-গানে ও দেশীয় পোশাকের প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের আয়োজনে প্রতিযোগিতায় স্পনসর ছিল নূরজাহান গ্রুপ। বন্ধুসভা ও পারসোনার সহযোগিতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল আরটিভি।দেশীয় পোশাকের কদর বাড়ানোর লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। বাবুল জলদাসের ঢোল বাদনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানজুড়ে ছিল দেশি পোশাকের জয়গান। কখনো গান, কখনো আদিবাসী নৃত্য আবার বক্তাদের কথামালায় ছিল দেশের কথা। প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, মানুষের পোশাকে ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাই ঈদের আগে সবাই চায় সেরা পোশাকটি বেছে নিতে। কামরুল হাসান বাদলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়া আহসান। উপস্থিত ছিলেন নূরজাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে গান করেন দিনাত জাহান মুন্নী। আদিবাসীদের নৃত্য চিরায়ত বাঙালি সংস্কৃতির জয়গানের কথাই মনে করিয়ে দেয়। তবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিল ক্যাটওয়াকের মাধ্যমে পোশাক প্রদর্শনী। ঈদ সামনে রেখে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, যুগল পোশাক, শিশু ও কিশোরীদের পোশাক সব মিলিয়ে যেন একটি ঈদের বাজার। শিশু-কিশোর তরুণ-তরুণীদের ক্যাটওয়াক ঈদের নতুন পোশাকগুলোর ঔজ্জ্বল্যতাকে আরও বাড়িয়ে দেয়। তবে সবকিছু ছাপিয়ে গেছে শিশুদের ক্যাটওয়াক। আটটি শিশু হেলেদুলে মঞ্চে ঢুকতেই মিলনায়তনজুড়ে করতালি। প্রতিযোগিতায় বিচারকদের তৈরি পোশাকের প্রদর্শনী যেন সবাই ফিরিয়ে নিয়ে গেল সেই রবীন্দ্রযুগে। ‘আমার পরান যাহা চায়’ রবীন্দ্রসংগীতের সঙ্গে তরুণ-তরুণীর ক্যাটওয়াক, শেষের কবিতার অমিত লাবণ্যকে মনে করিয়ে দিয়েছে। নজরুলসংগীতের সঙ্গে ছিল নজরুল যুগের পোশাকের প্রদর্শনী। প্রতিযোগিতায় প্রায় ৬৯টি বুটিক হাউস অংশ নেয়। এদের মধ্যে সেরা হয় তাজনুর বুটিক। চূড়ান্ত প্রতিযোগিতায় শাড়ি ‘ক’ বিভাগে প্রথম কাসফা বুটিক, দ্বিতীয় ফ্যাশন ম্যাক্স ও তৃতীয় হয় তাজনুর বুটিক। শাড়ি ‘খ’ বিভাগে ইকরা ফ্যাশন ও নক্ষত্র। দ্বিতীয় জত্রীতা বুটিক ও তৃতীয় তাজনুর বুটিক। শাড়ি ‘গ’ বিভাগে প্রথম হয় জত্রীতা বুটিক। যুগ্মভাবে দ্বিতীয় হয় রিজরাজ ফ্যাশন ও কনা’স কালেকশন। তৃতীয় হয় জত্রীতা বুটিক।