আলোকিত মানুষ গড়তেই কিশোর আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার কিআনন্দ উৎসবে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার কিআনন্দ উৎসবে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। ছবি: প্রথম আলো

আয়োজনটি ছিল শিশু-কিশোরদের নিয়ে হলেও বড়দের আগ্রহের কমতি ছিল না। নানা বয়সী হাজারো মানুষের অংশ নেয় কিআনন্দ উৎসবে। টাঙ্গাইলের কালিহাতীতে আজ শুক্রবার এই আয়োজন রূপ নিয়েছিল কালিহাতীবাসীর উৎসবে।

কিশোর আলোর চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে কালিহাতী উপজেলা সদরের রামগতি শ্রীগোবিন্দ পাইলট মডেল হাইস্কুল মাঠে এ উৎসব হয়। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। এর দেড় ঘণ্টা আগে সাড়ে আটটা থেকেই শিশু-কিশোরেরা আসতে শুরু করে অনুষ্ঠানস্থলে। নয়টার মধ্যে শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভরে যায় কালিহাতী রামগতি শ্রী গোবিন্দ পাইলট হাইস্কুল মাঠ।

সাড়ে ১০টার দিকে ওই স্কুলের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম। জাতীয় সংগীতের পর দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। পরে প্রিন্স ও পায়েলের একক নৃত্য এবং রংধনু নৃত্য একাডেমি শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনের পর অনুষ্ঠানের মঞ্চে আসেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। করতালির মধ্য দিয়ে উপস্থিত সবাই তাঁকে স্বাগত জানান।

আনিসুল হক বলেন, ‘তোমাদের আলোয় সারা বাংলাদেশ আলোকিত হবে। তোমরা আলোকিত মানুষ হয়ে আলোকিত দেশ গড়ে তুলবে। সে জন্যই কিশোর আলো।’ গীতিকার কবির বকুল বলেন, ‘কালিহাতীর মাটিতে অনেক কৃতীসন্তানের জন্ম হয়েছে। ভবিষ্যতেও এখানকার নতুন প্রজন্মের মধ্য থেকে সেরা মানুষ গড়ে উঠবে নিশ্চয়ই।’

বক্তব্য দিতে মঞ্চে এসে অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিট্স স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক উপস্থিত শিশু-কিশোর দিয়ে একযোগে করতালি দেওয়ান। এর মধ্য দিয়ে সৃষ্টি হয় বৃষ্টির শব্দ। এতে উদ্ভাসিত হয়ে ওঠে শিশু-কিশোরেরা।

দুপুরে মঞ্চে আসেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার এবং রামগতি শ্রীগোবিন্দ পাইলট মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহীনুর রহমান। তাঁরা সবাই কালিহাতীতে এ উৎসবের আয়োজনের জন্য কিশোর আলোকে কৃতজ্ঞতা জানান। এ সময় তাঁদের হাত দিয়েই চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

কালিহাতীতে উৎসব করে আয়োজকদের অনুভূতি কী, কিশোর আলোকে সংক্ষেপে কিআ বলা হয় কেন, গাছ আমাদের বন্ধু না শত্রু—এ রকম নানান প্রশ্ন করে শিক্ষার্থীরা। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক তাদের প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া দিনব্যাপী উৎসবের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মঞ্চে আসেন আনিসুল হক। কখনো গল্প, কখনো কথামালা দিয়ে মাতিয়ে রাখেন তিনি। শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার জন্য তিনি শপথ করান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবস্থলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। দুপুরে খাবারের বিরতির পর চ্যানেল আইয়ের খুদে গানরাজ অথি সাহার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। এ গানের পরেই জাদুশিল্পী রাজীব বসাক মনোমুগ্ধকর জাদু দেখিয়ে সবাইকে মাতিয়ে তোলেন। অনুষ্ঠানের এক ফাঁকে মঞ্চে আসেন টাঙ্গাইল-৫ (কালিহাতী) আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের একটিই কাজ, তা হলো লেখাপড়া, লেখাপড়া এবং লেখাপড়া। এই হোক সবার প্রতিজ্ঞা।’ তিনি বলেন, লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নিতে হবে।

টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার কিআনন্দ উৎসবে শিশু-কিশোরেরাসহ অংশ নেয় হাজারো মানুষ। ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের কালিহাতীতে শুক্রবার কিআনন্দ উৎসবে শিশু-কিশোরেরাসহ অংশ নেয় হাজারো মানুষ। ছবি: প্রথম আলো

বিকেলে সংগীতশিল্পী ইমরান দি রকস্টার শুভ ও পুলক সংগীত পরিবেশন করেন। এ সময় পুরো স্কুলের মাঠ ভরে যায় নানা বয়সী দর্শকে। এই শিল্পীদের গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করে শিশু-কিশোরেরা। সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। উৎসবের সম্প্রচার সহযোগী ছিল চ্যানেল আই।

উৎসব উপলক্ষে রামগতি শ্রীগোবিন্দ পাইলট মডেল হাইস্কুল মাঠের দক্ষিণ পাশে বসানো কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, প্রথমার স্টলগুলোতে সারা দিনই ছিল নানান বয়সী মানুষের ভিড়। এ ছাড়া মাঠের উত্তর পাশে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ জাদুঘর দেখতে এর সামনে সারা দিনই ছিল দীর্ঘ সারি। কালিহাতীর এ উৎসবে ঢাকা, টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন এলাকার কিশোর আলো পাঠকেরা অংশ নেয়।

ঢাকার খিলক্ষেত থেকে আসা একাদশ শ্রেণির ছাত্র মিজানুল ইসলাম জানায়, ঢাকা থেকে তারা আট বন্ধু এসেছে উৎসবে অংশ নিতে। সবাই মিলে আনন্দঘন একটি দিন কাটাল তারা। কালিহাতীর জান্নাতুল নাহার জানায়, এ ধরনের আয়োজন প্রতিবছরই যেন তাদের এলাকায় হয়।