আলোকিত মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি ও প্রতিহিংসার রাজনীতি নয়, দেশ ও সমাজের কল্যাণে আমাদের আলোকিত মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে।’ গতকাল রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে নতুন বছরের শুভেচ্ছাবিনিময় ও শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে আব্দুল মান্নান খান এসব কথা বলেন। ওই বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিরাজুল ইসলাম। প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গত তিন বছরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, ঘরের শত্রু বিভীষণ। দেশের ভেতর অসহযোগিতার মানসিকতা থাকলে উন্নয়নকাজে অগ্রগতি হয় না। তিনি বিদ্যুৎ ঘাটতির সমাধানে সরকারের নতুন পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কথা উল্লেখ করেন। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, বাণিজ্যিক উদ্দেশে নয়, মানবসেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী একই দিন তাঁর নিজ এলাকা দোহারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন দোহারের ইউএনও রথীন্দ্র নাথ দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাজি ইব্রাহীম খলিল প্রমুখ।