‘আমার বাবা দীর্ঘ ৩০ বছর গ্রামের স্কুলে শিক্ষকতা করেছেন। আমার জীবনেরও লক্ষ্য ছিল, শিক্ষক হব। সে আশা পূরণ হয়েছে। জীবনের প্রথম সরকারি চাকরি নিয়ে শপথ করেছি, স্কুলের সব ছেলেমেয়েকে নিজের সন্তানের মতো আদর-যত্নে লেখাপড়া শিখিয়ে মানুষ করব।’এই শপথ যিনি করলেন তার নাম কামরুন্নাহার সোমা। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে তিনি সদ্য নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে জেলায় সদ্য নিয়োগ পাওয়া ৫৩৫ জন শিক্ষকরকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে পড়ানো হয় শপথ। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এই ব্যক্তিক্রমধর্মী সংবর্ধনার আয়োজন করে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শপথ পড়ান। দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে সারা দেশে ঘুষ-বাণিজ্য এবং নানা দুর্নীতির খবর আমরা সংবাদপত্রে দেখতে পাই। কিন্তু এ ক্ষেত্রে কক্সবাজার ব্যতিক্রম। পাঁচ শতাধিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারও কাছ থেকে একটি চা অথবা একটি টাকা নিয়েছি, তার প্রমাণ কেউ দিতে পারবেন না।’সাংসদ উপস্থিত শিক্ষককের কাছ থেকে জানতে চান, নিয়োগ পাওয়ার জন্য আপনারা কাউকে ঘুষ দিয়েছেন কি না? জবাবে শিক্ষকেরা ‘না’ বলেন। উল্লেখ্য, জেলার আটটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদ পূরণে সম্প্রতি ৫৩৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে প্রধান শিক্ষক রয়েছেন ১২ জন। মোট শিক্ষকের মধ্যে নারীর সংখ্যা ৪০৮ জন।কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘মানবতার গুণ শিশুর মনে বপন করাই প্রাথমিক শিক্ষকদের দায়িত্ব। ভালোবেসে এবং ইতিবাচক ভূমিকা নিয়ে আপনারা পাঠ দান করবেন। রেগে গেলে আপনারা হেরে যাবেন।’ জেলা মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক বলেন, ‘ইভ টিজিং নিয়ে শিক্ষকদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। শিশু নির্যাতন, পাঠদানে শুদ্ধ উচ্চারণেও শিক্ষকদের যত্নবান হতে হবে।’রামু উপজেলায় নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক শামীমা ইয়াছমিন ও সেলিনা রহমান বলেন, ‘সংবর্ধনার কারণে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলাম।’চকরিয়া পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জান্নাত (৪৫) বলেন, ‘শারীরিক, মানসিকসহ নানা ধরনের শাস্তি থেকে বিরত রেখে শিক্ষার্থীদের আলোকিত শিক্ষায় শিক্ষিত করে তুলতে ভূমিকা রাখব। মিথ্যা বলা, বাল্যবিবাহ ও যৌতুকপ্রথার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করব।’সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন, আইনজীবী সিরাজুল মোস্তফা প্রমুখ।