আলোকিত সমাজ গড়তে হলে মানুষকে যুক্তিবাদী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টির বিতর্ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত
দৃষ্টির বিতর্ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত

আলোকিত সমাজ গড়তে হলে মানুষকে যুক্তিবাদী হতে হবে। সমাজকে সামনে এগিয়ে নিতে থাকতে হবে দৃঢ় প্রত্যয়।
দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ১৬তম বিতর্ক কর্মশালার সমাপনী দিনে অতিথিরা এই কথা বলেন। ১৩ ও ১৪ মে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের নানা দিক, ধরন, যুক্তি প্রয়োগ, যুক্তি খণ্ডন, উপস্থাপনা ও উচ্চারণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রামের ছয়জন জাতীয় বিতার্কিকের অংশগ্রহণে পরিবেশিত হয় মডেল বিতর্ক।
প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আবারও নিয়মিত বিতর্ক অনুষ্ঠান হবে। চট্টগ্রামের অনুষ্ঠান সারা বিশ্ব দেখতে পাবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের অবশ্য কিছু দ্বার উন্মুক্ত করতে হবে আর সেগুলো হলো ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও আদর্শ।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের প্রধান ইসরাত জাহান, সানশাইন গ্রামার স্কুল ও কলেজের অধ্যক্ষÿ সাফিয়া গাজী রহমান, কবি জিন্নাহ চৌধুরী ও আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। বক্তব্য দেন শহীদুল ইসলাম, সাবের শাহ, আব্দুল্লাহ ফারুক, কাজী আরফাত, নাজমুস সাকিব, সৌমিক বড়ুয়া, মুন্না মজুমদার, রিদোয়ান আলম প্রমুখ।
এর আগে ১৩ মে কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরিন আখতার। অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, লিবাসের প্রধান নির্বাহী মনসুর আলম ও চট্টগ্রাম আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের।
কর্মশালায় চট্টগ্রামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।