
শীতের বিকেলে পুরস্কার নিতে আসা হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাস, আর শেষ বেলায় প্রজ্বালিত মোমবাতির শিখায় আলোকের আহ্বানের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসব।
গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের শেষ দিনে ঢাকা মহানগরের ২৭টি বিদ্যালয়ের ১ হাজার ৮৪৭ জন পড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে শুক্রবার একই জায়গায় উৎসবের উদ্বোধনী দিনে দুই পর্বে ৮৪টি বিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৪১ জন পড়ুয়াকে পুরস্কার প্রদান করা হয়। তারা প্রত্যেকে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত ২০১৬ সালের বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়েছে।
উৎসব উপলক্ষে গতকাল দুপুরের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-সংলগ্ন মাঠটি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। এদিন পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, স্থপতি মোবাশ্বের হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য মনসুর আহমেদ চৌধুরী ও মাহবুব জামিল, অতিরিক্ত সচিব মো. মাহামুদ উল হক, নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ এবং অবসরপ্রাপ্ত সচিব মো. আসাদুজ্জামান।
উৎসবে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত পড়ুয়াদের উদ্দেশে অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন। তাঁরা বলেন, বই মানুষের কল্পনাশক্তি ও সৃষ্টিশীলতাকে উসকে দেয়। মানুষের বিকাশের পথকে প্রশস্ত করে।
সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের বর্ণাঢ্য এই আয়োজন। বিজ্ঞপ্তি।