আলোচনা ও গানে গানে কমল দাশগুপ্ত স্মরণ
খ্যাতনামা সংগীতব্যক্তিত্ব কমল দাশগুপ্তের মৃত্যুবার্ষিকী ২০ জুলাই। খ্যাতিমান এই সুরকারের মৃত্যুদিবস সামনে রেখে গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে একাডেমী কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কমল দাশগুপ্তকে নিয়ে আলোচনায় সংগীতজ্ঞ আসাদুল হক বলেন, ‘প্রায় ১১ বছর কমল দাশের কাছে গান শিখেছি। নজরুলের গানে তিনি যে সুর দিয়েছেন, গোটা উপমহাদেশে তা প্রশংসিত হয়েছে। তিনি ছিলেন সুরের জাদুকর।’অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিম।আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কমল দাশগুপ্তের সুর করা গান শোনানো হয়। একক সংগীতের মধ্যে ছিল: ‘এমনি বরষা ছিল সেদিন’, ‘দুটি পাখি’, ‘এখনো ওঠেনি চাঁদ’, ‘আমি বনফুল গো’, ‘পৃথিবী আমারে চায়’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘ঘুমের ছায়ায়’সহ আরও বেশ কিছু গান।সংগীত পরিবেশন করেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, শাকিলা জাফর, রুমী আজনবী, ফারহানা শারলী, সঞ্জয় রায়, শহীদ কবির পলাশ, জোসেফ কমল রড্রিক্স প্রমুখ।