আলোচনা করে অবস্থানে পৌঁছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচন বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটি অবস্থানে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। গতকাল শনিবার ছায়া সংসদে (মক পার্লামেন্ট) অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে রফিক-উল হক এ আহ্বান জানান।রফিক-উল হক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে বিরোধী দল। তবে তত্ত্বাবধায়ক সরকারের কী রূপরেখা হবে, সেটা আজ পর্যন্ত বিরোধী দল বলেনি। প্রধানমন্ত্রী এর মধ্যে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার হবে। অন্তর্বর্তীকালীন সরকার কী নিয়ে হবে, কাদের নিয়ে হবে, কে প্রধান হবে—সেটা উনি বলেননি। তবে দুজনই অনেকটা এগিয়ে এসেছেন। নির্বাচন সামনে আসছে। আমি অ্যাপিল করব, দুজনকে আলোচনার মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে একটা অবস্থানে আসবেন—কীভাবে নির্বাচন হবে, কোন সরকারের অধীনে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে।’ বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি রাজধানীর বসুন্ধরা সিটিতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে মক পার্লামেন্টের আয়োজন করে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওই ছায়া সংসদে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয়।