n নোটিশ দিয়ে সংসদে যায়নি বিএনপি n দলে যোগ দিলেই প্রার্থী হওয়ার সুযোগ
আলোচনা ছাড়াই আরপিও সংশোধন
কোনো আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) একটি গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়া হলো। এর ফলে সরকারি চাকুরে ছাড়া যে কেউ যেকোনো রাজনৈতিক দলে যোগ দিয়েই জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেলেন।
আরপিও সংশোধন করে এ-সংক্রান্ত একটি বিল গতকাল সোমবার সংসদে পাস হয়েছে। বিলটি পাস হওয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিরা সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য হলেন।
আরপিওর ১২/জে ধারায় উল্লেখ ছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে পূর্ববর্তী তিন বছরে নিবন্ধিত রাজনৈতিক দলে নিরবচ্ছিন্ন সদস্যপদ না থাকলে কোনো ব্যক্তি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। তবে নতুন নিবন্ধিত দলের প্রার্থীদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়েই এই বিধান করা হয়েছিল।
এখন এই ধারা হঠাৎ বাদ দেওয়া হলো কেন, তার কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিরোধী দল বিএনপি বিলটি পাসের আগে জনমত যাচাইয়ের নোটিশ দিয়েই দায়িত্ব সেরেছে। সংসদে না যাওয়ায় তাদের নোটিশ উত্থাপনই হয়নি। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করলে কোনো বাধা ছাড়াই তা কণ্ঠভোটে পাস হয়।
আরপিও সংশোধন বিলটি সংসদে উত্থাপিত হয় গত ৩০ সেপ্টেম্বর। এরপর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ২৭ অক্টোবর কমিটি বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন উত্থাপন করে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি দুর্ভাগ্যজনক। এর অর্থ, আমরা জাতি হিসেবে পেছনের দিকে যাচ্ছি। এর ফলে কালো-টাকার মালিকেরা মনোনয়নপত্র কিনে নেবেন। আর যাঁরা দীর্ঘদিন থেকে নিবেদিতভাবে দলের জন্য কাজ করছেন, তাঁরা বঞ্চিত হবেন।’ তিনি মনে করেন, ধারাটি বাদ দেওয়ার আগে সব দলের মতামত এবং সংসদের মাধ্যমে জনমত যাচাই করা উচিত ছিল।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে, এর ফলে আগামী নির্বাচনে কালোটাকার বিস্তার ঘটবে এবং সংসদ ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হবে। এর মাশুল রাজনৈতিক দলগুলোকেই দিতে হবে।
এ ছাড়া আরপিওর ১৩ ধারা সংশোধন করে প্রার্থীর জামানতের অঙ্ক ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। ১৬ ধারা সংশোধন করে বলা হয়েছে, কোনো একটি আসনে একটি দল থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনের মধ্যে দলকে লিখিতভাবে একজন প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে প্যানেলের অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রার্থীর নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা করা হয়েছে। ৪৪/সিসিসি ধারা সংশোধন করে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে দলীয় প্রধানের যে ব্যয় হবে, তা নির্বাচনী ব্যয় হিসেবে বিবেচিত হবে না। ৯০/এফ ধারা সংশোধন করে বলা হয়েছে, নির্বাচনে রাজনৈতিক দলের তহবিলে একজন ব্যক্তি অনুদান হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা দিতে পারবে।
গতকাল দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৩ পাসের জন্য দিনের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হলেও শেষ পর্যন্ত সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরীর অনুরোধে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
সংসদের অধিবেশন ৪ নভেম্বর বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।