আলোচনা, শোভাযাত্রায় পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। ছবিটি গতকাল শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে বেলা ১১টায় তোলা l প্রথম আলো
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। ছবিটি গতকাল শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে বেলা ১১টায় তোলা l প্রথম আলো

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বুধবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা শোভাযাত্রা, আলোচনা, মানববন্ধনসহ গ্রহণ করে নানা কর্মসূচি। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় জেলা অ্যাসিড সারভাইভারস গ্রুপ সমন্বয় কমিটির সদস্য ও দিনাজপুরে অ্যাসিডে আক্রান্ত নারীরা এতে অংশ নেয়। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মহিলা পরিষদ দিনাজপুর আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কানিজ রহমান। স্বাগত বক্তব্য দেন মারুফা বেগম ও রুবিনা আক্তার।
রংপুরে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে টাউন হলে আয়োজিত সমাবেশে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিন মিয়া। এ ছাড়া নারী মুক্তি কেন্দ্রের আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কামরুন্নাহার খানম শিখার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নন্দিনী দাস, শাপলা রায়, ফাহমিদা আহমেদ প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের মেয়েদের এক সাইকেল শোভাযাত্রা বের করা হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ এ সাইকেল শোভাযাত্রার উদ্যোগ নেয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন। এর আগে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউএনও ছাড়াও সাদেকুল ইসলাম, মৌসুমী রহমান প্রমুখ বক্তব্য দেন।
নীলফামারীতে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তৃতা করেন এ জে এম এরশাদ আহসান হাবিব, দেওয়ান কামাল আহমেদ, আবদুর রশীদ, আবুজার রহমান, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, আরিফা সুলতানা, রাবেয়া আলীম, দৌলত জাহান, তপন কুমার রায় প্রমুখ।
পঞ্চগড়ে জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলাবিষয়ক অধিদপ্তর সকালে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করে। পরে সরকারি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ। বক্তব্য দেন রুখসানা মমতাজ, মো. মনিরুজ্জামান, সেলিনা বেগম প্রধান, আকতারুন নাহার, নীলুফা সরকার, মনিরা পারভীন, রেখা রানী দেবী, হাসিনা পারভীন।
কুড়িগ্রামে শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা আকতার প্রমুখ। নারী দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রান্তিক নারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়। এ ছাড়া মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সকালে কুড়িগ্রাম কলেজ মোড়ে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
গাইবান্ধায় শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রোখছানা বেগম। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদা বেগম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিয়া ফেরদৌস প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান, শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন প্রমুখ।
রংপুরের তারাগঞ্জে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে বেলা ১১টায় একটি আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন আতাউর রহমান, মাহামুদা বেগম, তাসলীমা বেগম, আবদুল লতিফ মিঞা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন আজম, আফজালুল হক, হারুন-অর-রশিদ, রেজাউল করিম, শাহানাজ পারভিন, সাইয়েদুল মোফাচ্ছালীন, আবদুল হাকিম প্রমুখ।
দিনাজপুরের পার্বতীপুরে শোভাযাত্রা শেষে উপজেলা অধিবেশনকক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ফাহমিদা ইসলাম। বক্তব্য দেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, আমিনুল ইসলাম, লতিফা বেগম, আনোয়ার হোসেন, শাহিদা খাতুন, রেজাউল করিম প্রমুখ।