আলোচনা সংগীতে হেমাঙ্গ বিশ্বাসকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের গণসাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সংগীতজ্ঞ পণ্ডিত রামকানাই দাশ। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পর্ষদের সদস্যসচিব আইনজীবী মইনুদ্দিন আহমদ। বক্তব্য দেন কবি তুষার কর, গবেষক মাহফুজুর রহমান ও সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও সুরারোপ করা গান পরিবেশন করেন শিল্পী হিমাংশু বিশ্বাস, নীলেন্দু ভট্টাচার্য, তন্বী দেব, রামেন্দ চন্দ্র দাশ, মীর ইউসুফ, লিংকন দাস প্রমুখ। এ ছাড়া বিপুল শর্মার পরিচালনায় দুটি নৃত্য পরিবেশিত হয়। আলোচনা সভার ফাঁকে শুভেন্দু ইমামের সম্পাদনায় হেমাঙ্গ বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে তোমরা আমায় চিন্ছনি? শীর্ষক উৎসব-স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।সভাপতির বক্তব্যে শুভেন্দু ইমাম বলেন, প্রচণ্ড কবিত্ব শক্তি ও সংগীত প্রতিভার অধিকারী হেমাঙ্গ বিশ্বাসকে নাগরিক সমাজের মধ্যে পরিচিত করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন। হেমাঙ্গ বিশ্বাস তাঁর সহজাত প্রতিভাকে কখনোই আপন স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেননি। তাঁর শিল্পীসত্তা আত্মসুখ বেছে নেয়নি; বেছে নিয়েছিল গণমানুষের সুখ।