আলোচনা সভা, মিলাদ ও প্রদীপ প্রজ্বালন করে নিহতদের স্মরণ
আলোচনা সভা, প্রদীপ প্রজ্বালন, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রামে স্মরণ করা হলো ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে হতাহত ব্যক্তিদের। দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন গতকাল শুক্রবার সকাল থেকে পৃথক কর্মসূচির আয়োজন করে।সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ও সেভ সন্দ্বীপের উদ্যোগে গতকাল প্রেসক্লাব মিলনায়তনে শোকাবহ ২৯ এপ্রিল নিহত ব্যক্তিদের স্মরণে শোক ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ের দুর্বিষহ স্মৃতি উপকূলীয় এলাকার মানুষ কোনো দিন ভুলতে পারবে না।সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সভাপতি কে এম সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্দ্বীপের সাংসদ মোস্তফা কামাল পাশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, এম নুরুল ইসলাম, হাসান মোহাম্মদ, এ এন এম আবদুল মোক্তাদের, শফিকুল আলম, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা সফিক বক্তব্য দেন।শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণ করে সন্দীপন সাংস্কৃতিক ফোরাম। গতকাল সন্ধ্যায় শহীদ মিনারে সংগঠনটি স্মরণসভার আয়োজন করে। এতে বক্তারা উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংরক্ষণ ও পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান। জাফর ইকবালের সভাপতিত্বে সভায় বিএমএর সভাপতি শেখ শফিউল আজম, আলী আহমদ, জি এম মোস্তফা কামাল, মসরুর হোসেন বক্তব্য দেন।এ ছাড়া হতাহত ব্যক্তিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের বাসভবনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা খতমে কোরআনে অংশ নেন।