প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা শহীদ কমরেড মতিউল ইসলামের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা হয়েছে। সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ এসব কর্মসূচি পালন করে। সকাল আটটায় সংগঠনের কার্যালয় থেকে মিছিল বের হয়। বেলা সোয়া ১০টার দিকে পাংশার বাহাদুরপুরে মতিউলের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। ১৯৭৩ সালের ১ জানুয়ারি ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে মার্কিন তথ্যকেন্দ্র ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলিতে মতিউল ও মির্জা কাদের নিহত হন। ২০০১ সালে ভিয়েতনাম তাঁদের ‘বিশেষ বীরশ্রেষ্ঠ’ ঘোষণা দেয়।