আলোচনা সমন্বয়ে আগ্রহী স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরীন শারমিন চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনায় বসতে হলে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, উভয় পক্ষ উদ্যোগী হলে সংসদেই আলোচনা সম্ভব। স্পিকার বলেন, যদি বিরোধী দল ও সরকারপক্ষ সংসদে আলোচনার উদ্যোগ নেয়, তাহলে তিনি সর্বাত্মকভাবে তা সমন্বয় করবেন।

আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগানের ফাঁড়ি বাগান ছনখোলায় ‘চা-বাগানের প্রাক-প্রাথমিক শিক্ষা’ কর্মসূচির অধীনে চা-বাগানের শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের আওতায় বিদ্যালয় পরিদর্শনে যান স্পিকার। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শিরীন শারমিন বলেন, পিছিয়ে পড়া চা-শ্রমিক জনগোষ্ঠীর শিশুদের সার্বিক উন্নয়নে প্রাক-প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু হয়েছিল। চা-বাগানে ২০৯টি বিদ্যালয় শিশুদের উন্নয়নে কাজ করছে। এ সময় তিনি চা-বাগানের ওই শিশু বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

স্পিকার শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, সাতগাঁও চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা জসিম উদ্দিন ও ইএলসিডি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমীর বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলার ১৭টি স্কুলসহ জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়ায় মোট ২৭টি চা-বাগানে ২০৯টি স্কুল পরিচালিত হচ্ছে।