বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। সরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে কথা বললেই কেবল বিরোধী দল আলোচনায় বসবে। অন্যথায় নয়।’গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল (জাসাস) আয়োজিত প্রতিনিধি সভায় নোমান এ কথা বলেন। আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘আমরা জানি, যত দিন রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সৃষ্টি না হবে, তত দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হওয়ার কথা। কিন্তু সরকার সুপ্রিম কোর্টের মাধ্যমে তা বাতিল করে দিতে চায়। আমরা বলেছি, প্রধান বিচারপতি খায়রুল হককে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বাকি বিষয়ে আমাদের সঙ্গে সরকারের আলোচনা হতে পারে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাসাস নির্বাহী কমিটির সভাপতি এম এ মালেক। জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উপকমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের নাম থাকলেও তাঁরা সভায় আসেননি। জাসাসের চট্টগ্রাম কমিটি নোমানের অনুসারী হিসেবে পরিচিত।অনুষ্ঠানে মীর নাছির সরকারের সমালোচনা করে বলেন, দেশ এক সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। সংসদ আছে, সংবিধান নেই। বিচার বিভাগ আছে, বিচার নেই। বর্তমান সরকার আইনের নামে দুঃশাসন চালু করেছে। সরকার হরতালের দুই দিনে নিয়মবহির্ভূতভাবে ভ্রাম্যমাণ আদালত করে নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন চালিয়েছে।মীর নাছির কারও নাম উল্লেখ না করে নগর কমিটির সভাপতি আমীর খসরু ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে ইঙ্গিত করে বলেন, কোনো ব্যবসায়ীকে বা চিকিৎসককে দিয়ে যেমন রাজনীতিবিদের কাজ চালানো সম্ভব নয়, তেমনি রাজনীতিবিদের পক্ষেও ওইসব দায়িত্ব পালন করা সম্ভব নয়। মীর নাছির বলেন, ‘তৃণমূলে রাজনীতি না করে হঠাৎ উপরে উঠে আসা নেতারা কখনো দলের জন্য নিরাপদ নন। আমাদের গত দুই দিনের হরতাল মূল্যায়ন করতে হবে। এ সময়ে নেতৃত্বের অভাবে চট্টগ্রামে হরতাল সফল হয়নি।’সভার দ্বিতীয় পর্বে ছিল প্রতিনিধি সমাবেশ। এতে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রতিনিধিরা অংশ নেন।