আলোচনা হলেও সমাধান হয়নি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় আওয়ামী লীগ-বিএনপির মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় হানিফ এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ দাবি করেন, ‘আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে আগ্রহী, কিন্তু বিএনপি আসলে কোনো সমাধান চায় না। তারা চায় সংঘাত।’
হানিফ বলেন, ‘কাদের মোল্লার রায়ে প্রমাণিত হয়েছে, আদালতের ওপর সরকারের কোনো প্রভাব নেই। এখন গোটা জাতির সঙ্গে আমরা অপেক্ষা করছি, মিরপুর এলাকার ত্রাস কসাই কাদের মোল্লার রায় কখন কার্যকর হবে।’ এ রায় কার্যকর করা হলে শহীদদের আত্মা শান্তি পাবে বলেও উল্লেখ করেন তিনি।
কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা দুটি আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট ও পল্টনে আনন্দ মিছিল করেন।
‘কঠোর আন্দোলন করে এ সরকারকে সবকিছুর জবাব দেওয়া হবে’—বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে হানিফ বলেন, ‘কিসের আন্দোলন, কোথায় আন্দোলন হচ্ছে? নিষিদ্ধ সংগঠনের মতো ভিডিও বার্তা পাঠিয়ে আন্দোলন হয় বা রাজনীতি হয়? আপনাদের আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।