আলোচনাই সমাধানের একমাত্র পথ, এর বিকল্প যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আবারও বিরোধী দলের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আলোচনার বিকল্প যুদ্ধ। কিন্তু স্বাধীন দেশে যুদ্ধের প্রয়োজন নেই। আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ।গতকাল শনিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান। সৈয়দ আশরাফ বলেন, বিরোধী দলকে লোক দেখানো কিংবা কারও মন জোগানোর জন্য আলোচনায় আহ্বান করা হচ্ছে না। বরং রাজনৈতিক পরিস্থিতির আলোকেই তাদের আলোচনায় ডাকা হচ্ছে।সৈয়দ আশরাফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আদালতের রায়ের প্রতি সম্মান রেখেই সমাধান বের করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ‘এখন যে যা-ই বলুক না কেন, আলোচনা অবশ্যই হবে, এটা আমরা নিশ্চিত। তবে সময়মতো হোক, এটা আমরা চাই।’সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে আদালতের দেওয়া রায়ের ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকার—খালেদা জিয়ার এই অভিযোগের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘এটা নিয়েও আলোচনা দরকার। আমরা আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিলে আলোচনায় তা সমাধান করা যায়। আমরা সরকারে আছি বলেই বারবার বিএনপিকে আলোচনায় ডাকছি।’কনোকো ফিলিপসের সঙ্গে পেট্রোবাংলার চুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘কিছু মানুষ চায় না, দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হোক। এই চুক্তি অবৈধ নয়। আর এ ধরনের চুক্তি এটাই প্রথম নয়। বহুজাতিক কোম্পানির সঙ্গে এ ধরনের চুক্তি এর আগেও হয়েছে। ভবিষ্যতে আরও হবে।’ ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠিক করতে গতকাল ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এই বৈঠক হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়, ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ভোরে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে খোলা জায়গায় আলোচনা সভা ও বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।