আলোচনার অপেক্ষায় আছি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়াপারসন খালেদার জিয়া
বিএনপির চেয়াপারসন খালেদার জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার শর্ত দিয়ে সংলাপের পথ বন্ধ করেছে। তবে বিএনপি এখনো ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনার অপেক্ষায় আছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এক সমাবেশে রেকর্ড করা ভিডিও ভাষণে খালেদা জিয়া এসব কথা বলেন। ৭ নভেম্বর উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে। বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত ছিলেন না। তাঁর একটি ধারণ করা ভিডিও বক্তব্য সমাবেশে প্রচার করা হয়।

খালেদা জিয়া বলেন, ‘সরকার শর্ত জুড়ে আলোচনার পথ রুদ্ধ করলেও আমরা আলোচনার পথ বন্ধ করিনি। আমি আজও বলছি, ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য আমরা এখনো অপেক্ষায় আছি। আমি আশা করব, সরকার সংলাপের পথে ফিরে আসবে।’

যাঁরা রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার উদ্যোগ নিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।

খালেদা জিয়া অভিযোগ করেন, ২৬ অক্টোবর টেলিফোনে প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব ছিল শর্তসাপেক্ষ। ২৮ তারিখেই সংলাপে যেতে হবে এবং হরতাল প্রত্যাহার করে যেতে হবে বলে প্রধানমন্ত্রী শর্ত দিয়েছিলেন। এই শর্ত দিয়ে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ সমাধানের সব পথ বন্ধ করেছেন।

খালেদা জিয়া বলেন, এরপর ব্যবসায়ী নেতারা তাঁর কাছে গিয়ে দুদলের মহাসচিব পর্যায়ে আলোচনার প্রস্তাব করলে তিনি তাতে রাজি হন। খালেদা জিয়া বলেন, ‘কিন্তু পরদিন প্রধানমন্ত্রী বলেছেন, ওই দিনই হরতাল প্রত্যাহারের ঘোষণা না দিলে আর কোনো আলোচনা হবে না। অর্থাত্ আবারও শর্ত দিয়ে তাঁরা আলোচনার পথ থেকে সরে গেছেন।’

খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল, জ্বালাও-পোড়াও করেছিল। তখন বিএনপির আহ্বানে তারা সাড়া দেয়নি। কিন্তু এখন তেমনটা চায় না। এ জন্যই বিরোধী দলে থেকেও ‘দেশের স্বার্থে’ বিএনপি বারবার আলোচনার আহ্বান জানাচ্ছে।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপির প্রতিনিধি দেওয়ার সরকারি প্রস্তাবের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, এ প্রস্তাব জনগণ গ্রহণ করেনি। তাই তিনি নির্দলীয় সরকারের একটি প্রস্তাব তুলে ধরেন। সংসদেও তা তুলে ধরা হয়। কিন্তু সরকারি দল তা নাকচ করে দেয়। এরপর বাধ্য হয়ে তিনি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

২৫ অক্টোবরের সমাবেশের বক্তব্যের দিকে ইঙ্গিত দিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমি এমন আভাসও দেই যে, সমস্যা নিরসনে সরকার যদি কোনো এজেন্ডা নির্ধারণ ছাড়াও আলোচনায় বসতে চায়, আমরা তাতেও রাজি আছি।  সে ক্ষেত্রে আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলবে।’

দুই নেত্রীর টেলিফোনের কথোপকথন সরকার গোপনে রেকর্ড করেছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘আমার সঙ্গে টেলিফোনে করা আলোচনা গোপনে রেকর্ড করে ইতিমধ্যে সরকারিভাবে প্রচারও করা হয়েছে। এই রেকর্ডিংয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি সেটি প্রচারের ব্যাপারে আমার কোনো সম্মতিও নেওয়া হয়নি। এটি সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে সরকারের যে কোনো সদিচ্ছা নেই, এর মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।’

খালেদা জিয়া অভিযোগ করেন, টেলিফোনে প্রধানমন্ত্রী তাঁকে সরাসরি বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করে তির্যক মন্তব্য করেন। তিনি তার প্রতিটি অভিযোগের সুস্পষ্ট জবাব দিয়েছেন। খালেদা জিয়া বলেন, ‘আলোচনার প্রস্তাব দিয়ে ফোনে দাওয়াত করার সময় সদিচ্ছা থাকলে কেউ এমন অভিযোগ করে, তা আমার জানা ছিল না। আমি অতীতের কথা না তুলে বর্তমান সমস্যা নিয়ে কথা বলার জন্য বারবার আহ্বান জানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি (প্রধানমন্ত্রী) যেন আমাকে অভিযুক্ত করার জন্যই ফোনটি করেছিলেন।’

খালেদা জিয়া বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের ৯০ দিনেরও কম সময় বাকি আছে। এ সময়ও সরকার সম্পূর্ণ বেআইনিভাবে নীতিনির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। রাষ্ট্রীয় অর্থ ও সম্পদ ব্যবহার করে দলীয় প্রচার চালাচ্ছে।

পুলিশ, র‌্যাব ও বিজিবিকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, তারা নির্বাচন কমিশনকে নিজেদের আজ্ঞাবহ হিসেবে গড়ে তুলেছে। তাই এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর ব্যাপারে দেশবাসীর নানা প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জনগণকে শান্তিপূর্ণ পথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, মানুষের সামনে প্রশ্ন, গণতন্ত্র থাকবে নাকি স্বৈরশাসন চলবে, সবার অংশগ্রহণে নির্বাচন হবে কি না, স্থিতিশীলতা আসবে, না সংঘাত চলতে থাকবে। তিনি বলেন, বিএনপি সংঘাত ও হানাহানি চায় না। শান্তি চায়।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের বিরুদ্ধে ‘ঢাকাবাসীকে জেগে ওঠার আকুল আবেদন’ জানান।

অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, এলডিপির সভাপতি অলি আহমদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।